চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি কালভার্টের নির্মাণকাজ নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় পাঁচ মাস পরও থমকে আছে। এমনকি ১৫ দিনের মধ্যে কাজ শুরু করার প্রতিশ্রুতি দেওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও ঠিকাদারের দেখা মেলেনি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন পাঁচটি গ্রামের হাজারো বাসিন্দা।
গত ৭ অক্টোবর দ্য ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে ঠিকাদার ১৫ দিনের মধ্যে ভাটিখাইন–ধউরডেঙ্গা সড়কের এই কালভার্টের কাজ পুনরায় শুরুর আশ্বাস দিয়েছিলেন। পরবর্তীতে ১১ অক্টোবর এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও দ্রুত কাজ শুরুর কথা বলেছিলেন। কিন্তু এখন পর্যন্ত প্রকল্প এলাকায় কোনো অগ্রগতি দেখা যায়নি।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, আট মাস আগে পুরোনো কালভার্টটি ভেঙে ফেলার পর সড়কের মাঝখানে যে বিশাল গর্ত খোঁড়া হয়েছিল, তাতে বৃষ্টির পানি জমে এখন ছোটখাটো পুকুরে পরিণত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে একটি অসাধু চক্র গর্তের পাশ থেকে মাটি কেটে নেওয়ায় খাদটি আরও প্রশস্ত হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
যান চলাচল বন্ধ থাকায় প্রায় তিন মাস আগে স্থানীয় রিকশাচালকেরা নিজেদের টাকায় জলাবদ্ধ গর্তটির ওপর একটি অস্থায়ী কাঠের সাঁকো তৈরি করেন। এর ওপর দিয়ে কোনোমতে রিকশা ও সাইকেল ঠেলে পার করা হচ্ছে।
রিকশাচালক মো. রাশেদ বলেন, ‘পুরোনো কালভার্টটি ভেঙে ফেলার পর কয়েক সপ্তাহ আমাদের আয়-রোজগার পুরোপুরি বন্ধ ছিল। সংসার চালানো দায় হয়ে পড়েছিল। তাই আমরা নিজেরাই টাকা তুলে কাঠের সাঁকোটি বানিয়েছি। যাত্রীরা একপাশে নেমে হেঁটে সাঁকো পার হন, আর আমরা রিকশা ঠেলে ওপারে নিয়ে যাই।’
আরেক রিকশাচালক প্রদীপ দে জানান, নড়বড়ে এই কাঠের সাঁকো দিয়ে কেবল রিকশা ও সাইকেল পার করা সম্ভব। এলাকায় সব ধরনের ইঞ্জিনচালিত যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ নন্দী জানান, ভাটিখাইন, গুয়াতলী, আলমদার পাড়া, ধউরডেঙ্গা ও ছনহরা—এই পাঁচ গ্রামের শত শত মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। তিনি বলেন, ‘কাজ বন্ধ থাকায় মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। জরুরি প্রয়োজনে কোনো রোগীর জন্য অ্যাম্বুলেন্স ডাকলে প্রায় চার কিলোমিটার পথ ঘুরে আসতে হয়।’
ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী বলেন, আট মাস আগে পুরোনো কালভার্টটি ভাঙার পরপরই ঠিকাদার কাজ ফেলে চলে যান।
চেয়ারম্যান দৌলতী বলেন, ‘কাজ দ্রুত শেষ করার জন্য আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একাধিকবার বলেছি, কিন্তু কোনো ফল হয়নি। বর্তমান ঠিকাদার কাজ করতে অনাগ্রহী হলে আমরা দরপত্র বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের দাবি জানিয়েছিলাম। কিন্তু ইউএনও তাতে কর্ণপাত করেননি।’
যোগাযোগ করা হলে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান বলেন, প্রকল্পটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের অধীনে বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, ‘আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
পটিয়া পিআইও কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, ২০২৪-২৫ অর্থবছরে ৩২ লাখ টাকা ব্যয়ে ৯ দশমিক ৫ মিটার দীর্ঘ ও ১৪ ফুট প্রস্থের এই বক্স কালভার্টের দরপত্র আহ্বান করা হয়েছিল। এর নির্মাণকাজ শেষ করার মূল মেয়াদ ছিল ২০২৬ সালের ৩০ জুন।
তিনি নিশ্চিত করেন, প্রকল্পটির মেয়াদ ইতোমধ্যে এক বছর বাড়ানো হয়েছে। মাকসুদুর রহমান বলেন, ‘কাজ বিলম্বিত হওয়ার কারণ দর্শানোর জন্য আমরা ঠিকাদারকে নোটিশ দিয়েছি। তার ব্যাখ্যা সন্তোষজনক হলে তাকে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে; অন্যথায় চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে।’
এর আগে গত অক্টোবরে প্রকল্পের ঠিকাদার আবেদ আমেরি বিলম্বের জন্য দেরিতে কার্যাদেশ পাওয়া, এলাকায় জলাবদ্ধতা ও টানা বৃষ্টির অজুহাত দেখিয়েছিলেন। পটিয়ায় পাঁচটি বক্স কালভার্ট নির্মাণের কাজ পাওয়া এই ঠিকাদার দ্য ডেইলি স্টারের কাছে দাবি করেছিলেন, বাকি চারটির কাজ তিনি শেষ করেছেন এবং বৃষ্টি কমলে ১৫ দিনের মধ্যে এই কালভার্টের কাজ শুরু করে ১৫ থেকে ২০ দিনের মধ্যে তা শেষ করবেন।
সবশেষ পরিস্থিতি নিয়ে বক্তব্য জানতে আবেদ আমেরির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
