চট্টগ্রামের দামপাড়া এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার রাতে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও একটি ককটেল উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, রাত ১১টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে দুই যুবক পুলিশ লাইনসের সামনে আসে। এরপর তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, মোটরসাইকেলে আসা ওই দুই যুবক তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি সড়কের মাঝখানে বিস্ফোরিত হয়। বাকি একটি অবিস্ফোরিত অবস্থায় সড়ক থেকে উদ্ধার করা হয়েছে।
সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।
