Tuesday, November 24, 2026
Homeবাংলাদেশনারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহকালে এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘একজন সহকারী উপপরিদর্শক ও একজন কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে তাদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতে কনস্টেবল আনোয়ার হোসেন (৩২) মারা গেছেন।’

আনোয়ার সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা ফাঁড়িতে কর্মরত ছিলেন।

তিনি আরও জানান, তারা সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হন।

তবে, তার শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাত সাড়ে ১১টার দিকে এই পুলিশ কর্মকর্তা আরও জানান, তারা ঘটনাস্থলে আছেন। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

‘হাশেমবাগ এলাকাটিতে মাদকের একাধিক স্পট আছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আগেও অভিযান চালিয়ে মাদক উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তারও করেছে। হামলার পেছনে মাদক চোরাকারবারিদের কোনো চক্র জড়িত কি না, সেটিও তদন্ত করা হচ্ছে,’ বলেন তিনি।

এর আগে, চলতি বছরের মে মাসে একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মালিকানাধীন বাড়িতে লুটপাটের অভিযোগ তদন্তে গিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে আটককৃতদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়।

ওই অভিযুক্তদের বিরুদ্ধেও মাদক চোরাকারবার ও কিশোর অপরাধী দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে বলে জানিয়েছিল পুলিশ।

Most Popular