Sunday, November 22, 2026
Homeখেলাতুরস্কে হামজাদের দুটি প্রীতি ম্যাচের আমন্ত্রণ কিরগিজস্তানের

তুরস্কে হামজাদের দুটি প্রীতি ম্যাচের আমন্ত্রণ কিরগিজস্তানের

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হতে না হতেই আবারও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। আগামী জানুয়ারিতে তুরস্কে দুটি প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান। তবে চাইলেই এই আমন্ত্রণে সাড়া দিতে পারছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কারণ, ম্যাচ দুটি আয়োজনের প্রস্তাব এসেছে ফিফার আন্তর্জাতিক বিরতির বাইরে। ফলে ঘরোয়া লিগের সূচি এবং বিদেশে খেলা ফুটবলারদের পাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে চায় বাফুফে।

আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে তুরস্কে বাংলাদেশের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী কিরগিজস্তান। শনিবার বাফুফের জাতীয় দল কমিটির সভায় প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়েছে। তবে সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালকে।

কিরগিজস্তানের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তাবিথ দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘আমরা আমন্ত্রণ পেয়েছি। আমাদের হাতে যে দল থাকবে, সেটি নিয়েই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আমরা সব সময় আগ্রহী। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে লিগ এবং এর সূচির বিষয়টি বিবেচনা করতে হবে।’

কিরগিজস্তানের প্রস্তাবে রাজি হলে কয়েক দিনের জন্য বাংলাদেশ ফুটবল লিগ বন্ধ রাখতে হবে বাফুফেকে। এমনিতেই সদ্য শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের কারণে প্রায় এক মাস বন্ধ ছিল ঘরোয়া ফুটবল। এর মধ্যে আবার জাতীয় দলের জন্য লিগ স্থগিত করা কতটা সম্ভব, সেটিই এখন বড় প্রশ্ন।

আরেকটি বড় সমস্যা বিদেশে খেলা ফুটবলারদের পাওয়া নিয়ে। প্রস্তাবিত ম্যাচ দুটি ফিফার আন্তর্জাতিক বিরতির বাইরে হওয়ায় হামজা চৌধুরী, শমিত শোম ও ফারহান আলী ওয়াহিদের মতো ফুটবলারদের পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, ফিফার নির্ধারিত বিরতির বাইরে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য নয় ক্লাবগুলো।

শুধু প্রবাসী ফুটবলাররাই নন, ঘরোয়া লিগে খেলা ফুটবলারদের ছাড়ার বিষয়েও ক্লাবগুলোর সম্মতি প্রয়োজন হবে। মৌসুমের মাঝপথে আবারও কয়েক দিনের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের জাতীয় দলে পাঠাতে ক্লাবগুলো রাজি হবে কি না, সেটিও বিবেচনায় রাখতে হচ্ছে বাফুফেকে।

তবে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগামী মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের আগে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেতে পারে জাতীয় দল। মার্চের ফিফা উইন্ডোতে দুই লেগের প্লে-অফ খেলার কথা বাংলাদেশের।

আগামী ১৫ ডিসেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক রাউন্ডের ড্র অনুষ্ঠিত হবে। সেখানেই জানা যাবে বাংলাদেশের প্রতিপক্ষ কারা। ফলে মার্চের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে জানুয়ারিতে কিরগিজস্তানের মতো দলের বিপক্ষে দুটি ম্যাচ প্রস্তুতির জন্য কাজে আসতে পারে।

Most Popular