গত ১ নভেম্বর থেকে শুরু হওয়ার পর ১৮ দিনে শ্রমিক আন্দোলনের ফলে ৩১৭টি তৈরি পোশাক কারখানায় ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক প্রতিবেদনে।
এতে আরও বলা হয়েছে, স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের কারণে আন্তর্জাতিক পোশাক খুচরা বিক্রেতা, ব্র্যান্ড ও ক্রেতারা ২৫৪ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন।
আজ রোববার এক বিবৃতিতে বিজিএমইএ জানায়, তারা ৩১৭টি কারখানায় জরিপ চালিয়েছে। এসব কারখানা নভেম্বরে উদ্ভুত পরিস্থিতিতে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
ব্যবসায়ীদের সংগঠনটি আরও জানায়, ক্ষতিগ্রস্ত সব কারখানায় জরিপ চালানো হলে ক্ষতির পরিমাণ আরও বেশি হতো।
বিজিএমইএ বলেছে, অস্থিরতার কারণে ক্রেতাদের আস্থায় চিড় ধরেছে। এর ফলে তারা নিশ্চিত হওয়া ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন।
সংগঠনটি জানায়, প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি। কারণ, জরিপে ক্ষতিগ্রস্ত ৬০০টির বেশি কারখানার মধ্যে একটি অংশকেই কেবল অন্তর্ভুক্ত করা হয়েছে এবং জরিপ করা হয়েছে মাত্র ১৮ দিনের।
ব্যবসায়ীদের সংগঠনটি বলেছে, প্রত্যক্ষ ক্ষতির পাশাপাশি দেশের ভাবমূর্তির যে ক্ষতি হচ্ছে, তা এখনো অব্যাহত থাকায় সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব নয়। বাংলাদেশ থেকে অন্য দেশে ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে এর প্রভাব ইতোমধ্যে প্রতিফলিত হচ্ছে।
