Sunday, November 22, 2026
Homeবাংলাদেশসংবিধান সংশোধন কমিটি বাতিল না হলে জাতীয় ঐক্য নয়: নাহিদ ইসলাম

সংবিধান সংশোধন কমিটি বাতিল না হলে জাতীয় ঐক্য নয়: নাহিদ ইসলাম

সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

যুক্তরাজ্য সফর শেষে আজ রোববার বিকেলে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।

বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ কার্যকর না হলে বিএনপি সরকারের জাতীয় ঐক্যের কোনো উদ্যোগে এনসিপি অংশ নেবে না।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের সুস্পষ্ট আহ্বান, সংবিধান সংশোধন কমিটি বাতিল করতে হবে। এরপর সংবিধান সংস্কার পরিষদের শপথের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু করা যেতে পারে।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে প্রতিহত করতে সরকার ডিসেম্বরে জাতীয় ঐক্য চাইতে পারে। কিন্তু পরে জানুয়ারিতে গিয়ে তারা একদলীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংবিধান সংশোধন করতে পারে। এমন উদ্যোগে এনসিপি থাকবে না।

জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে কয়েকটি দাবি পূরণের শর্তের কথা জানান নাহিদ। এর মধ্যে আছে গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা, জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ করা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা এবং ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন করা।

বিএনপির সমালোচনা করে নাহিদ বলেন, বিএনপি দুই দফায় জাতীয় ঐক্য ভেঙেছে। প্রথমবার সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা না করে এবং দ্বিতীয়বার নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে। নির্বাচনের আগে দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করলেও ক্ষমতায় এসে বিএনপি তা থেকে সরে গেছে।

প্রধানমন্ত্রীর সংলাপে সাড়া দেবে এনসিপি

প্রধানমন্ত্রীর ডাকা সংলাপে অংশ নেওয়ার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, দেশে একটি সংকটকাল চলছে। এমন সময়ে সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে বিরোধী দল হিসেবে তারা তাতে অবশ্যই সাড়া দেবেন। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী কী চান, তা শুনতেই তারা বৈঠকে যাচ্ছেন।

আগামীকাল সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদলের বৈঠকের কথা রয়েছে।

Most Popular