Sunday, November 22, 2026
Homeবাংলাদেশসরকারি গুদামে পর্যাপ্ত চাল-গম, তবুও কষ্টে দরিদ্র মানুষ

সরকারি গুদামে পর্যাপ্ত চাল-গম, তবুও কষ্টে দরিদ্র মানুষ

বয়স ৭০ বছর। তবু রাজধানীর এক বস্তির বাজারে সবজি বিক্রি করে সংসার চালাতে হচ্ছে আনোয়ারা বেগমকে। দিনে আয় ২০০ থেকে ৩০০ টাকা।

তেজগাঁও শিল্প এলাকার পাশে বেগুনবাড়ী বস্তিতে তিন দশকের বেশি সময় ধরে আছেন তিনি। স্বামী মারা যাওয়ার পর ছেলেই ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম। এক দুর্ঘটনায় ছেলের হাত মারাত্মক পুড়ে যাওয়ায় সংসারের হাল ধরতে হয়েছে আনোয়ারাকেই।

দ্য ডেইলি স্টারকে আনোয়ারা বলেন, ‘মাছ-মাংস আমাদের মতো মানুষের জন্য নয়। কোনো দিন যদি একটু বেশি আয় হয়, তাহলে হয়তো ডিম কিনতে পারি। কিন্তু এখন তো সবকিছুর দাম বেড়ে গেছে। আমরা কী করব?’

বেগুনবাড়ীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি দোকান ছিল। ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে সেটি হাজারো পরিবারকে কিছুটা স্বস্তি দিত। কিন্তু গত কয়েক মাস ধরে দোকানটি বন্ধ। আনোয়ারা বলেন, এতে জীবন আরও কঠিন হয়ে পড়েছে।

এখন ভর্তুকি মূল্যে নিত্যপণ্য কিনতে হলে তাকে যেতে হবে মগবাজারে। কাছাকাছি সেখানেই টিসিবির দোকান চালু আছে।

আনোয়ারা একা নন। একই বস্তির বাসিন্দা হাজেরা এবং পাশের ইস্কাটন সড়কের হকার নুরুল ইসলামসহ দেশের আরও অনেকে নিত্যপণ্যের চড়া দামের মধ্যে প্রতিদিন সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।

অথচ সরকারের গুদামে খাদ্যশস্যের মজুত পর্যাপ্ত। তার পরও গত বছরের একই সময়ের তুলনায় এবার জুলাই থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ভর্তুকি মূল্যের খাদ্য বিতরণ কমেছে।

অর্থনীতিবিদরা বলছেন, চার বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতি উচ্চ হারে চলছে। দারিদ্র্য বাড়ার ইঙ্গিত দিচ্ছে দেশি-বিদেশি একাধিক গবেষণাও। এ অবস্থায় সরকারের উচিত খাদ্য সহায়তা বাড়ানো। যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তাদের কাছে খাবার না পৌঁছালে মজুত থাকা না-থাকায় কিছু যায়-আসে না।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সরকারের হাতে খাদ্যশস্যের মজুত ছিল ২০ লাখ ৮০ হাজার টন। এর মধ্যে চাল ১৭ লাখ ২৮ হাজার টন ও গম ৩ লাখ ১২ হাজার টন।

২০২৪ সালের জুনে, অর্থাৎ জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিন আগে, মজুত ছিল ১৪ লাখ ৭০ হাজার টন। অন্তর্বর্তী সরকারের সময়ে তা বেড়ে ২০২৫ সালের আগস্টে ২১ লাখ ৭৯ হাজার টন ছাড়িয়ে যায়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

মন্ত্রণালয়ের তথ্য বলছে, ১ জুলাই থেকে ১২ নভেম্বর পর্যন্ত খাদ্য অধিদপ্তরসহ সরকারি সংস্থাগুলোর খাদ্যশস্য বিতরণ আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮ শতাংশ কমে ১২ লাখ ৪ হাজার টনে নেমেছে।

গরিবকে সহায়তা করা ও বাজার স্থিতিশীল রাখার জন্য সরকার সরকারি গুদামে খাদ্যশস্য মজুত রাখে। এর কিছু অংশ ভর্তুকি মূল্যে বিক্রি করা হয়, বাকিটা ত্রাণ ও সহায়তা হিসেবে বিতরণ করা হয়।

সরকারের সবচেয়ে বড় কর্মসূচি খাদ্যবান্ধব কর্মসূচি (এফএফপি)। এর আওতায় বছরের ছয় মাস ৫৫ লাখ পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হয়, দাম কেজি প্রতি ১৫ টাকা।

আর খোলাবাজারে বিক্রি কর্মসূচি (ওএমএস) চলে সারা বছর। নির্ধারিত খুচরা বিক্রয়কেন্দ্র ও ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এ কর্মসূচির আওতায় চাল ও আটা বিক্রি হয়।

খাদ্যবান্ধব কর্মসূচির চাল শুধু কার্ডধারীরা পান। কার্ড নেই, এমন মানুষ সাধারণত ওএমএসের দোকান বা ট্রাক থেকে কেনার ওপর নির্ভর করেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভর্তুকি মূল্যে মোট বিতরণ কমে যাওয়ার পেছনে মূলত এফএফপি ও ওএমএসের সরবরাহ কমে যাওয়াই দায়ী।

ঢাকার খুচরা বাজারগুলোতে এখন মোটা চালের সর্বনিম্ন দাম ৫০ টাকা। কিছুটা ভালো মানের মোটা চাল বিক্রি হয় ৫৫ টাকায়। গত এক মাসে চালের দামে তেমন কোনো হেরফের হয়নি।

খোলাবাজারে বিক্রি কর্মসূচির আওতায় সরকার চাল বিক্রি করছে প্রতি কেজি ৩০ টাকায়। ফলে নিম্ন আয়ের ক্রেতাদের কেজিতে ২০ টাকা সাশ্রয় হচ্ছে।

আটায় সাশ্রয় আরেকটু বেশি। সরকার আটা বিক্রি করছে কেজি ২৪ টাকায়, আর খোলা বাজারে ব্র্যান্ডবিহীন আটার দাম ৪৮ থেকে ৫০ টাকা। অর্থাৎ ক্রেতার সাশ্রয় কেজিতে ২৪ থেকে ২৬ টাকা।

এই সাশ্রয়ের গুরুত্ব অনেক, কারণ পরিবারের বাজেটের একটা বড় অংশই খাবারে চলে যায়। বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের ২০২৫ সালের এক জরিপ অনুযায়ী, পরিবারগুলো মাসিক মোট ব্যয়ের প্রায় ৫৫ শতাংশ খাবারে খরচ করে।

গত সেপ্টেম্বরে বিশ্ব খাদ্য কর্মসূচির এক প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় পড়তে পারেন। গত বছরের শুরুর তুলনায় এ সংখ্যা ২৮ লাখ বেশি।

ক্রয়ক্ষমতা কমে যাওয়া, বন্যায় ফসলের ক্ষতি, শিশুদের অপুষ্টি ও উচ্চ মূল্যস্ফীতিকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

২০২২-২৩ অর্থবছর থেকে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ শতাংশ, ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৮ দশমিক ৭ শতাংশে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ১২ মাসের গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬৬ শতাংশ। এদিকে বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কম মজুরির শ্রমিকদের প্রকৃত মজুরির প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল।

বিশ্বব্যাংক সতর্ক করেছে, টানা উচ্চ মূল্যস্ফীতি ও তীব্র জ্বালানি সংকট বহু বছরের অর্থনৈতিক অগ্রগতিকে ম্লান করে দিচ্ছে। এর ফলে প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ এখন এমন অবস্থায়, যারা আরেকটি অর্থনৈতিক ধাক্কা খেলেই দারিদ্র্যসীমার নিচে নেমে যাবেন।

সংস্থাটির হিসাবে, জাতীয় দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ২২ দশমিক ৫ শতাংশে দাঁড়াতে পারে।

খাদ্য অধিদপ্তর ছাড়াও সরকার রাষ্ট্রীয় সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের মাধ্যমে মাঝেমধ্যে চাল বিতরণ করে। খাদ্য মন্ত্রণালয় বলছে, চলতি অর্থবছরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে কোনো চাল বরাদ্দ না দেওয়ার কারণেই মোট বিতরণ কমেছে।

খাদ্যমন্ত্রী আফরোজা খানম দ্য ডেইলি স্টারকে বলেন, অর্থবছরের প্রথম চার মাস টিসিবি কোনো বরাদ্দ পায়নি। বিতরণ কমে যাওয়ার প্রধান কারণ এটিই।

নভেম্বর থেকে সরকার সংস্থাটির জন্য ৩ লাখ টন চাল বরাদ্দ দিয়েছে। মন্ত্রী আশা করছেন, এর ফলে বিতরণ বাড়বে।

মন্ত্রী বলেন, মানুষের প্রকৃত খাদ্যচাহিদার দিকে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, শ্রমজীবী পরিবার ও খাদ্যনিরাপত্তাহীন জনগোষ্ঠীর দিকে সরকারের নজর আছে। খাদ্যবান্ধব কর্মসূচি ও খোলাবাজারে বিক্রি কর্মসূচি ছাড়াও পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচি চালু আছে।

তিনি জানান, ক্রয়ক্ষমতা, বাজার পরিস্থিতি ও খাদ্যের চাহিদা বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী এসব কর্মসূচির পরিধি বাড়ানোর কথা সরকার ভাববে।

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ফাহমিদা খাতুন দ্য ডেইলি স্টারকে বলেন, সরকারের কাছে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত আছে, এটা আশাব্যঞ্জক। কিন্তু মজুত বাড়ার পরও বিতরণ কমে যাওয়া উদ্বেগজনক।

তিনি বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতি নিম্ন আয়ের মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমিয়ে দিয়েছে। অনেক পরিবার এখন মৌলিক খাবার কিনতেও হিমশিম খাচ্ছে।’

এই অর্থনীতিবিদ বলেন, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকার বিষয়টি বিবেচনায় রাখলে বোঝা যায়, যাদের সবচেয়ে বেশি দরকার, তাদের কাছে সুফল না পৌঁছালে বিপুল মজুত অর্থহীন।

তাই খাদ্য সহায়তা কর্মসূচির পরিধি বাড়ানো এবং প্রকৃত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

Most Popular