আদিবাসীরা আজ নিজভূমেই পরবাসী, অধিকারহীন ও অভিভাবক শূন্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরামের (বিআইপিএফ) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি আন্দোলনে অংশ নিলেও অধিকার ও মর্যাদার প্রশ্নে বারবার উপেক্ষিত হয়েছেন আদিবাসীরা। পাহাড় ও সমতলে তাদের ভূমি, নিরাপত্তা ও অস্তিত্ব এখনো সংকটের মুখে।’
আজ শুক্রবার ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিআইপিএফের ষষ্ঠ জাতীয় সম্মেলনের উদ্বোধনী পর্বে সন্তু লারমার লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়। বোনের মৃত্যুর কারণে তিনি সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি।
সন্তু লারমা বলেন, ‘মুক্তিযুদ্ধে আমাদের অনেক আদিবাসী অংশ নিয়েছিলেন একটি সুন্দর ও মর্যাদাপূর্ণ জীবন গড়ার উদ্দেশ্যে। কিন্তু ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময় সেই স্বপ্ন চুরমার করে দেয় এ দেশের শাসকগোষ্ঠী। আমাদের আদিবাসীদের ওপর চাপিয়ে দেওয়া হয় বাঙালিত্বের পরিচিতি।’
তার অভিযোগ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের গঠিত সংবিধান সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় আদিবাসীরা উপেক্ষিত হয়েছেন।
বিআইপিএফ সভাপতি বলেন, ‘বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটিও আদিবাসী নেতাদের সঙ্গে কার্যকর আলোচনার প্রয়োজন বোধ করছে না।’
পাহাড় ও সমতলে আদিবাসীদের ভূমি ও নিরাপত্তার সংকট তুলে ধরে তিনি বলেন, ‘সিলেটের খাসি পুঞ্জির পানজুম আক্রান্ত হচ্ছে, মধুপুরের আদিবাসীরা বন বিভাগের মামলা মোকাবিলা করছেন। সাহেবগঞ্জ-বাগদা ফার্মের জমিতে ইপিজেড স্থাপনের আশঙ্কায় সাঁওতালরা উদ্বিগ্ন। বরগুনা-পটুয়াখালীর রাখাইনরা শ্মশান ও বসতভিটা থেকে উচ্ছেদের শিকার হচ্ছেন। কক্সবাজারের রাখাইনদের মধ্যেও মেরিন ড্রাইভ প্রকল্প ঘিরে উচ্ছেদ আতঙ্ক রয়েছে।’
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের পরিবর্তে জুম্ম জনগোষ্ঠীর অধিকার খর্ব করার চেষ্টা চলছে।
আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রামে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সন্তু লারমা।
সম্মেলনে ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ‘আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, আত্মনিয়ন্ত্রণের অধিকার, ভূমির অধিকার এবং সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত করার সুযোগ এসেছে। এসব বিষয়ে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির কাছে লিখিত প্রস্তাবও দেওয়া হয়েছে।’
আদিবাসীদের জন্য জাতীয় নীতি, সমতলের আদিবাসীদের পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণাসহ ১০ দফা দাবি তুলে ধরেন সঞ্জীব দ্রং।
আদিবাসীদের অধিকার হরণের পেছনে রাষ্ট্রীয়, রাজনৈতিক, আমলাতান্ত্রিক ও সামরিক পর্যায়ের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিকে দায়ী করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ‘বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখলেও দেশের যে অঞ্চলে সেনাবাহিনীর সরাসরি কর্তৃত্ব রয়েছে, সেখানে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না।’
দেশের সর্বস্তরের মানুষকে আদিবাসীদের অধিকারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান ইফতেখারুজ্জামান।
আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক ও সামাজিক ঐক্যের আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রাম শুধু তাদের একার নয়, এটি দেশের প্রগতিশীল মানুষের ঐতিহ্য ও অধিকার রক্ষার লড়াই।
ফোরামের সহসভাপতি অজয় এ মৃর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন এবং এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা।
