স্যান্ডপেপার কেলেঙ্কারিতে প্যাট কামিন্সের সততা প্রশ্নবিদ্ধ হয়েছে—এমন সব গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটি জানিয়েছে, টেস্ট অধিনায়ক হিসেবে কামিন্সের ওপর বোর্ডের ‘সর্বসম্মত সমর্থন’ রয়েছে।
২০১৮ সালে কেপটাউন টেস্টে বল বিকৃতির পরিকল্পনার কথা পুরো দলই জানত—উসমান খাওয়াজার এমন দাবির পর থেকেই তীব্র চাপে আছেন কামিন্স। গত সপ্তাহে সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি জানতেন না বলে জোরালো দাবি করলেও, খাওয়াজার বক্তব্যে ক্যামেরন ব্যানক্রফট সমর্থন জানালে কামিন্সের নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।
আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজ। তার আগে কামিন্সের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা ডালপালা মেলতে থাকায় শনিবার বোর্ড সভায় বসে ক্রিকেট অস্ট্রেলিয়া। সভা শেষে এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের প্রতি বোর্ডের পূর্ণ ও সর্বসম্মত সমর্থন রয়েছে।
অস্ট্রেলীয় ক্রিকেটের এই টালমাটাল সময়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার প্রত্যয় জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান ডেভিড বুন, ‘এই কঠিন সময়ে অধ্যবসায় ও ধৈর্যের সঙ্গে অস্ট্রেলীয় ক্রিকেটকে এগিয়ে নিতে এবং সবার কথা শুনে তা থেকে শিক্ষা নিতে আমরা পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ।’
২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের সেই বিতর্কিত ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহমর্মিতা জানিয়ে বুন আরও বলেন, ‘আমরা সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি। গত আট বছরে প্যাট ও দলের অন্য নেতারা যে সংস্কৃতি গড়ে তুলেছেন, তা নিয়ে আমরা গর্বিত। প্যাটের সততা নিয়ে যেকোনো ধরনের সংশয় বা ইঙ্গিত আমরা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছি।’
ওই ঘটনার তদন্ত নতুন করে শুরুর সম্ভাবনা নাকচ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১৮ সালে কেপটাউনে বল বিকৃতির সেই ঘটনায় সংস্থাটির তদন্তে কেবল তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং শিরীষ কাগজ ব্যবহারকারী ব্যানক্রফটকেই দোষী সাব্যস্ত করা হয়েছিল।
নতুন করে তদন্ত না করলেও, ওই সময়ের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়ার জন্য খেলোয়াড় ও স্টাফদের নিয়ে একটি ফোরাম গঠন করেছে বোর্ড।
বোর্ডের আস্থা পেয়ে নিজের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে কামিন্স বলেন, ‘অধিনায়কত্বের সঙ্গে বিশাল এক দায়িত্ব জড়িয়ে থাকে। আমি এটি কখনো হালকাভাবে নিইনি, ভবিষ্যতেও নেব না।’
পরিস্থিতি সামাল দিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন ও প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের ভূমিকার প্রশংসা করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ২০১৮ সালের দলের খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে যোগাযোগ করায় তাদের সাধুবাদ জানিয়ে কামিন্স বলেন, ‘আমি এই ফোরামকে শতভাগ সমর্থন করি এবং সেখানে উপস্থিত থাকব। যাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা সবাই নিজেদের মতামত জানাতে বেশ আগ্রহী।’
ফোরামে অনেক কঠিন আলোচনা হবে স্বীকার করে নিয়ে কামিন্স জানান, আপাতত মাঠের ক্রিকেটেই তার সব মনোযোগ, ‘এই মুহূর্ত থেকে পার্থে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেওয়াই হবে আমার মূল লক্ষ্য ও অগ্রাধিকার।’
