ঝিনাইদহ শহরের প্রবেশদ্বার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরানোর অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে ভাস্কর্যটির গলায় জুতার মালা ঝোলানো অবস্থায় দেখা যায়।
সম্প্রতি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও ভাস্কর্য অপসারণের চেষ্টার পর এমন ঘটনা ঘটল।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক (ডিসি) নোমান হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিষয়টি জানার পর রাজনৈতিক নেতৃবৃন্দ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেছি। আমরা পুলিশের সহযোগিতা চেয়েছি। দ্রুতই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
এদিকে, এ ঘটনায় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ক্ষোভ ও নিন্দা জানিয়েছে।
ঝিনাইদহ সিপিবির সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু ডেইলি স্টারকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে বিষয়টি দেখে ১১টার দিকে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরানো রয়েছে। ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি।
স্থানীয়রা জানান, সম্প্রতি ভাস্কর্যটিতে সাদা রঙ করায় এটি দূর থেকেও দেখা যায়। সকালে ভাস্কর্যটির গলায় জুতার মালা পরানো দেখতে পান তারা। খবর পেয়ে অনেকেই সেটি দেখতে এসেছিলেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান ডেইলি স্টারকে বলেন, বিষয়টি জানতে পেরে দুপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বরে গিয়েছিলাম। আমি যাওয়ার আগেই কেউ মালা সরিয়ে ফেলেছে। তবে স্থানীয় দোকানদারদের কাছে শুনেছি, রাতে দুষ্কৃতিকারীরা এই কাজ করেছে। আমরা মিটিং করে এ বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত নেব।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, স্বাধীনতাবিরোধী একটি চক্র ভাস্কর্যটি এখানে রাখতে চায় না। তাই রাতের আঁধারে তারা এ ন্যক্কারজনক কাজ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করছি।
তিনি আরও বলেন, এই ভাস্কর্যটি কেন্দ্র করে রাজনৈতিক পক্ষ-বিপক্ষ তৈরি হয়েছে। একপক্ষ এটি ভেঙে অন্য পক্ষের ওপর দোষ চাপাতে পারে। তাই চত্বরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ মার্চ ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশমুখে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর উদ্বোধন করেন তৎকালীন জেলা প্রশাসক ও পৌরসভার মেয়র।
চত্বরটিতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের একটি ভাস্কর্য, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের পতাকা ও মুষ্টিবদ্ধ হাতের ভাস্কর্য নির্মাণ করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দফায় ভাস্কর্যটি ভাঙচুর করা হয়।
পরে গত ১৩ জুলাই থেকে কয়েকদিন ধরে একটি চক্র ভাস্কর্যটি ভাঙচুর শুরু করে। এ নিয়ে গত ১৬ জুলাই দ্য ডেইলি স্টারে প্রতিবেদন প্রকাশের পর জেলা প্রশাসন ভাঙচুরের কাজ স্থগিত করে।
