Tuesday, October 6, 2026
Homeখেলামেসি এমন কিছু রেখে যাচ্ছে, যার কোনো তুলনা হয় না: স্কালোনি

মেসি এমন কিছু রেখে যাচ্ছে, যার কোনো তুলনা হয় না: স্কালোনি

বিখ্যাত আকাশি-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে প্রস্তুত মহাতারকা লিওনেল মেসি। ঘরের মাঠের দর্শকদের সামনে আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর আগে তাকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। জানিয়েছেন, আর্জেন্টিনা দলকে মেসি যা দিয়ে যাচ্ছেন, তা সত্যিই অতুলনীয়।

আগামীকাল বুধবার সকাল ৫টায় বুয়েন্স এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়ে জাতীয় দল থেকে নিজের বুটজোড়া তুলে রাখবেন তাদের অধিনায়ক মেসি। গত ৩১ আগস্ট তিনি অবসরের ঘোষণা দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আবেগঘন এই মুহূর্ত সামনে রেখে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘মেসি এমন কিছু রেখে যাচ্ছে, যার কোনো তুলনা হয় না। আমাদের খেলা চালিয়ে যেতে হবে ঠিকই, কিন্তু মাঠে তাকে পাওয়ার অনুভূতিটা একেবারেই অন্য রকম। মাঠে সে যেভাবে খেলাটা ফুটিয়ে তোলে, তা অন্য কারও মাঝে আমি কখনোই দেখিনি। তার এই অভাবটাই আমরা সবচেয়ে বেশি অনুভব করব।’

বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০৮তম। দলটির হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার পাশাপাশি সর্বোচ্চ ১২৫টি গোল করার রেকর্ড তার দখলে। পাশাপাশি বিশ্বকাপে মোট ৩৩টি গোলে (২১টি গোল ও ১২টি অ্যাসিস্ট) সরাসরি অবদান রাখার ঐতিহাসিক কীর্তির মালিকও তিনি।

৩৯ বছর বয়সী মেসির পেশাদারিত্বকে দলের সবার জন্য বড় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন স্কালোনি, ‘সে না থাকলে এখন কেবল স্মৃতিকাতরতাই পড়ে থাকবে। সে এক অবিশ্বাস্য উদাহরণ। অনুশীলনে সবার আগে আসে, বের হয় সবার শেষে। নিজের যত্ন নেওয়া থেকে শুরু করে প্রতিটি ম্যাচ মোকাবিলার ধরন— তার সবকিছুই অনন্য।’

ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপের ফাইনালে শুরুর একাদশে থাকার অনন্য রেকর্ড রয়েছে মেসির। ২০২২ সালে কাতারের মাটিতে বিশ্বকাপ শিরোপা জয়ের আগে ও পরে তিনি জিতেছেন দুটি কোপা আমেরিকা।

মাঠে ও মাঠের বাইরে মেসির প্রভাব নিয়ে আর্জেন্টিনার কোচের পর্যবেক্ষণ এমন, ‘শুধু খেলা দেখলেই বোঝা যায় সে কতটা অসাধারণ এক বিস্ময়। কিন্তু এর বাইরেও তার এমন অনেক গুণ আছে, যা কেবল সতীর্থরাই কাছ থেকে দেখেছে। আর সে-ই হতে পারে অনুসরণের জন্য সেরা এক দৃষ্টান্ত। সে এমন কিছু রেখে গেছে— কিংবা বলা যায় রেখে যাচ্ছে, কারণ তার এখনো একটি ম্যাচ বাকি আছে— যার কোনো তুলনা হয় না।’

এবারের আন্তর্জাতিক বিরতিতে মেসিকে ছাড়া ইতোমধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। সেখানেও একচ্ছত্র দাপট দেখিয়েছে আলবিসেলেস্তেরা। বলিভিয়াকে ৪-০ ও বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

তবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যেমন জয়ই পাক না কেন, আন্তর্জাতিক মঞ্চ থেকে মেসির বিদায়  মানে এক অপূরণীয় শূন্যতা। স্কালোনির কথায় প্রকটভাবে ফুটে উঠেছে সেটাই।

Most Popular