Tuesday, October 6, 2026
Homeবাংলাদেশবন্ধুর স্ত্রীর তালাক রেজিস্ট্রি করায় কাজীকে আটকে রেখে টাকা আদায়, যুবদল নেতা...

বন্ধুর স্ত্রীর তালাক রেজিস্ট্রি করায় কাজীকে আটকে রেখে টাকা আদায়, যুবদল নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জে এক কাজীকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে।

গ্রেপ্তার ওই নেতার নাম রাজীব হোসেন ওরফে অপু। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি। 

বন্ধুর স্ত্রীর তালাক রেজিস্ট্রি করায় কাজীকে অপহরণ করেন তিনি। এ ঘটনায় তার বন্ধু স্বপনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার দুপুরে সদর উপজেলার কাটাখালীর বাসা থেকে কাজী মো. হাবিবুর রহমানকে বিয়ে পড়ানোর কথা বলে ডেকে নেওয়া হয়। এরপর তাকে শহরের মুক্তারপুর এলাকার একটি কক্ষে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা আদায় করে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় কাজী হাবিবুর রহমান রাজীব, স্বপন ও সোহেলসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, রাজীব ও স্বপনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘স্বপনের স্ত্রীর তালাকের রেজিস্ট্রেশন করায় তারা ক্ষিপ্ত হয়ে কাজীকে অপহরণ করেন। চাঁদার টাকা উদ্ধার করা হয়েছে।’

এদিকে এ ঘটনায় অভিযুক্ত রাজীবকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদাবাজির বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানোর পর রাজীবকে বহিষ্কার করা হয়।

Most Popular