Sunday, October 4, 2026
Homeবাংলাদেশযেকোনো গাড়ির ওপর বাতি জ্বালিয়ে অ্যাম্বুলেন্স চালানো বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

যেকোনো গাড়ির ওপর বাতি জ্বালিয়ে অ্যাম্বুলেন্স চালানো বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশে যেকোনো গাড়ির ওপর বাতি জ্বালিয়ে অ্যাম্বুলেন্স হিসেবে চালানো বন্ধ করতে হবে। আধুনিক ও মানসম্মত অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে সরকার আইনগত কাঠামো ও মান নির্ধারণের কাজ শুরু করেছে।

আজ রোববার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (আইইউবি) দুই দিনব্যাপী ‘বাংলাদেশ অক্সিজেন সামিট’-এর সমাপনী ও উচ্চপর্যায়ের নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে জরুরি অ্যাম্বুলেন্স সেবার সুনির্দিষ্ট কোনো নীতিমালা বা সংজ্ঞা নেই। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। নতুন আইনগত কাঠামো ও মান নির্ধারণের উদ্যোগে অ্যাম্বুলেন্সে কার্যকর অক্সিজেন সরবরাহব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে।

আইইউবির সেন্টার ফর হেলথ, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পলিসি সায়েন্সেস (সিএইচআইপিএস) ও বাংলাদেশ অক্সিজেন নেটওয়ার্ক যৌথভাবে এ সামিটের আয়োজন করে।

২০ জেলায় সমন্বিত অক্সিজেন নেটওয়ার্ক

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বাড়ানো ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে চলতি অর্থবছরে অন্তত ২০টি জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি বলেন, কোভিড মহামারির অভিজ্ঞতা এবং ২০২৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গৃহীত প্রস্তাবের পর মেডিকেল অক্সিজেন শুধু তাৎক্ষণিক চাহিদা নয়, বরং স্বাস্থ্য নিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

ড. এম এ মুহিত বলেন, ‘বাংলাদেশে চিকিৎসা খাতে ব্যবহৃত অক্সিজেনের ব্যবস্থাপনাকে আমরা এমন এক মানে উন্নীত করতে চাই, যাতে বৈশ্বিক স্কোরকার্ডেও আমরা সাফল্যের প্রমাণ রাখতে পারি।’

অক্সিজেন ব্যবস্থাপনায় অতীতে সমন্বয়ের অভাব ছিল উল্লেখ করে তিনি বলেন, কোথাও একই ধরনের উদ্যোগের পুনরাবৃত্তি হয়েছে, আবার কোথাও সরঞ্জাম পড়ে থাকলেও সেগুলো চালু ছিল না।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ অচলাবস্থা নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ চলছে। এর মাধ্যমে চলতি অর্থবছরেই দ্রুততম সময়ে অন্তত ২০টি জেলায় সমন্বিত অক্সিজেন নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

জাতীয় অক্সিজেন রোডম্যাপ প্রণয়নের তাগিদ

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত সময়ের জন্য একটি কার্যকর ‘ন্যাশনাল অক্সিজেন রোডম্যাপ’ প্রণয়ন করা জরুরি। একইসঙ্গে স্বাস্থ্য খাতে দেশীয় উদ্ভাবনকে উৎসাহিত করতে হবে।

চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে অক্সিজেন থেরাপির ব্যবহারিক ও পদ্ধতিগত প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি। এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এবং নার্সিং কাউন্সিলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রান্তিক জনগোষ্ঠী, নারী এবং সেরিব্রাল পালসিসহ প্রতিবন্ধী শিশুদের চিকিৎসায় নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার ওপরও জোর দেন ড. মুহিত।

অনুষ্ঠানে বক্তারা সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে সাশ্রয়ী, সমতাভিত্তিক ও টেকসই মেডিকেল অক্সিজেন ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

Most Popular