টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-রংপুর মহাসড়কে এক ট্রাকচালককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত চালকের নাম রাজিব হোসেন (৩০)। তিনি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ঠাংঝোড়া এলাকার বাসিন্দা।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘এলেঙ্গা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই সন্দেহভাজন ছিনতাইকারী মিন্টু ও ফারুককে গ্রেপ্তার করা হয়েছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন রাজিব। পথে দিবাগত রাত ২টার দিকে বিরতি নিতে এলেঙ্গা এলাকায় ট্রাক থেকে নামলে চার-পাঁচ জনের একটি দল তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাকে। এসময় রাজিবের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে পালানোর চেষ্টা করে দলটি। সেখান থেকে দুজনকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা।
ঘটনাস্থলেই মারা যান রাজিব। তার মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কালিহাতী থানার ওসি বলেন, ‘এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
