Thursday, May 14, 2026
Homeখেলাচোটে ছিটকে গেলেন সাদমান, সুযোগ পেলেন জাকির

চোটে ছিটকে গেলেন সাদমান, সুযোগ পেলেন জাকির

সিলেটে অনুষ্ঠেয় পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন সাদমান ইসলাম। বুক আঘাত পাওয়া এই বাঁহাতি ওপেনারের জায়গায় বাংলাদেশের স্কোয়াডে যুক্ত করা হয়েছে আরেক বাঁহাতি ওপেনার জাকির হাসানকে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় বুকে আঘাত পান সাদমান। একারণে আগামী ১৬ মে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচটিতে তিনি খেলতে পারবেন না।

সাদমানের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, ‘মিরপুরে প্রথম টেস্টে ক্যাচ নিতে গিয়ে সাদমান বুকে আঘাত পান। তার বুকের হাড়ে প্রচণ্ড আঘাত লেগেছে এবং তিনি ব্যথায় ভুগছেন। দুর্ভাগ্যবশত দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে না।’

মিরপুর টেস্টে ১০৪ রানের অসাধারণ জয়ে বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেও সাদমান ছিলেন বিবর্ণ। প্রথম ইনিংসে ১৩ ও দ্বিতীয় ইনিংসে ১০ রানে আউট হন তিনি। দুই ইনিংসেই পাকিস্তানের পেসার হাসান আলীর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন।

সাদমানের পরিবর্তে স্কোয়াডে ডাক পাওয়া জাকির সবশেষ টেস্ট খেলেছিলেন ২০২৪ সালের নভেম্বরে, বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে। প্রথম ইনিংসে ১৫ রান করলেও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছিলেন তিনি।

জাতীয় দলের হয়ে ১৩ টেস্ট খেলা জাকিরের এই সংস্করণে পারফরম্যান্স হতাশাজনক। ২৬ ইনিংসে ২৩.৭২ গড়ে তার সংগ্রহ ৫৯৩ রান। সাদা পোশাকের ক্রিকেটে তিনি একটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি করেছেন। তবে সবশেষ ১৩ টেস্ট ইনিংসে তার নামের পাশে কোনো ফিফটি নেই।

আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো না হলেও ঘরোয়া ক্রিকেটে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন ২৮ বছর বয়সী জাকির। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ঢাকা লেপার্ডসের হয়ে চার ইনিংসে তিনি একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন।

Most Popular