Thursday, October 1, 2026
Homeবাংলাদেশডেইলি স্টারে সংবাদ প্রকাশের পর গাজীপুরের সমবায় সমিতির ঘটনা তদন্তে কমিটি

ডেইলি স্টারে সংবাদ প্রকাশের পর গাজীপুরের সমবায় সমিতির ঘটনা তদন্তে কমিটি

গাজীপুরের কাপাসিয়ায় শুভেচ্ছা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রায় তিন কোটি টাকা নিয়ে সভাপতি আবুল হাসেমের উধাও হওয়ার অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা সমবায় কার্যালয়।

গত মঙ্গলবার দ্য ডেইলি স্টার বাংলায় ‘কোটি টাকা নিয়ে সমবায় সমিতির সভাপতির উধাও হওয়ার অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর সমবায় অফিসের কর্মকর্তারা সমিতিটির কার্যালয় পরিদর্শন করেন এবং বুধবার এ তদন্ত কমিটি গঠন করা হয়।

গাজীপুর জেলা সমবায় অফিসার আরিফা সুলতানা শিপা দ্য ডেইলি স্টারকে বলেন, সমিতির কার্যালয় পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে বুধবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে জেলা সমবায় অফিসের উপসহকারী নিবন্ধক মনিরা আখতারকে প্রধান করা হয়েছে। বাকি দুই সদস্য হলেন পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম ও সহকারী পরিদর্শক রায়হান উদ্দিন।

গতকাল জেলা সমবায় কর্মকর্তা আরিফা সুলতানা শিপা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, আাগমী ৮ অক্টোবরের মধ্যে এই কমিটিকে সুস্পষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

সমবায় অফিস সূত্রে জানা গেছে, ২০১০ সালে ১০৯৮ নম্বর নিবন্ধনের মাধ্যমে শুভেচ্ছা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের যাত্রা শুরু হয়। পরবর্তীতে কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নসহ আশপাশের সাতটি ইউনিয়নের বাসিন্দাদের এর সদস্য করা হয়।

সমিতির সদস্যদের অভিযোগ, গত ১৭ সেপ্টেম্বর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে চলে যান সভাপতি আবুল হাসেম। এরপর থেকে কার্যালয়টি বন্ধ রয়েছে এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। আবুল হাসেম কাপাসিয়া থানার দড়িমেরুন গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

গ্রাহকদের দাবি, বার্ষিক ১৫ শতাংশ মুনাফার কথা বলায় অনেকে ব্যাংক থেকে টাকা তুলে এই সমিতিতে জমা রেখেছিলেন। গত বছর সমিতিটির সদস্য সংখ্যা ৪৯৬ জন থাকলেও বর্তমানে তা বেড়ে প্রায় এক হাজার ২০০ জনে দাঁড়িয়েছে এবং মূলধন পৌঁছেছে প্রায় ১০ কোটি টাকায়।

এর আগে কাপাসিয়া উপজেলা সমবায় অফিসার মাহফুজুল আমিন দ্য ডেইলি স্টারকে জানান, সদস্যদের তথ্যমতে সভাপতি প্রায় তিন কোটি টাকা নিয়ে সটকে পড়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সদস্যরা থানায় ও গাজীপুর আদালতে দুটি পৃথক মামলা করেছেন।

কাপাসিয়ায় নিবন্ধিত শুভেচ্ছা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মূলধন প্রায় তিন কোটি টাকা এবং সদস্য সংখ্যা ৪৯৬ জন, উপজেলা সমবায় অফিসের দেওয়া এমন তথ্যের বিষয়ে গাজীপুর জেলা সমবায় অফিসার আরিফা সুলতানা শিপার কাছে জানতে চাওয়া হয়।

গতকাল তিনি ডেইলি স্টারকে বলেন, ‘আমি এ বিষয়ে অবগত নই। আমাদের অফিসে এ ধরনের কোনো জরিপ কার্যক্রম নেই।’

সমিতির তিনতলা ভবনে সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় ১ হাজার ২০০ সদস্য রয়েছেন, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের অফিসিয়ালি জরিপ বলতে কিছু নেই।’

সমিতি সম্পর্কে কী ধরনের তথ্য তাদের কাছে থাকে জানতে চাইলে আরিফা সুলতানা বলেন, রেজিস্ট্রেশন দেওয়ার পর নিয়ম অনুযায়ী সব ধরনের কার্যক্রম করা হয়।

সমিতির কার্যালয় বর্তমানে তালাবদ্ধ এবং সভাপতি সব টাকা নিয়ে চলে গেছেন, এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে এই জেলা সমবায় অফিসার বলেন, ‘আমার কাছে অফিসিয়ালি বা লিখিতভাবে কোনো অভিযোগ আসেনি।’

Most Popular