Wednesday, September 30, 2026
Homeবাংলাদেশঢাকায় হামলা-ভাঙচুর-দখল চেষ্টার ৩ ঘটনার প্রধান আসামিরা ধরাছোঁয়ার বাইরে

ঢাকায় হামলা-ভাঙচুর-দখল চেষ্টার ৩ ঘটনার প্রধান আসামিরা ধরাছোঁয়ার বাইরে

মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টা, আদাবরে বহুতল ভবন দখলের চেষ্টা ও মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হলেও প্রধান তিন আসামি এখনো পলাতক।

মোস্তাকের রহমান খোকন চৌধুরী, খুরশীদ আলম খান ও হানিফ মিয়া যথাক্রমে চাঁদ উদ্যান, আদাবর ও রাড্ডার ঘটনায় দায়ের মামলার প্রধান আসামি। বিভিন্ন সূত্রে জানা গেছে, তাদের তিনজনেরই বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা আছে।

পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে মোস্তাকের রহমান খোকন চৌধুরী বারবার জায়গা বদলাচ্ছেন, খুরশীদ আলম খান বিদেশে অবস্থান করছেন আর হানিফ মিয়াকে তার পরিচিত কোনো ঠিকানায় খুঁজে পাওয়া যাচ্ছে না।

এর বাইরে ইসিবি চত্বরের কাছে নিউ গিনি প্রপার্টিজ হাউজিং প্রকল্পে হামলায় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই মামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার হলেও পুলিশ আগে দাবি করেছিল, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন এই হামলার পেছনে ছিলেন। তিনি এখনো পলাতক।

গত ২৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে চাঁদ উদ্যানে কয়েকশ মানুষ একটি অফিস ভাঙচুর করে এবং নগদ টাকা, সরঞ্জাম ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে জমিটি ঘিরে ফেলে। দিনের আলোয় এই ঘটনা ঘটে। সেখান থেকে পুলিশ বিট অফিস মাত্র ১০০ ফুট দূরে।

চাঁদ উদ্যানের ঘটনায় দায়ের করা মামলায় খোকনসহ ১০ জনের নাম উল্লেখ করে আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর মধ্যে পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম জানান, বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তিনি আরও বলেন, খোকন মিরপুর ও কাফরুলের মধ্যে বারবার জায়গা পাল্টাচ্ছেন, যার ফলে তাকে গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়েছে।

তবে খোকন দাবি করেন যে তিনি আত্মগোপনে নেই। তিনি বলেন, আমি গতকালও চাঁদ উদ্যানে গিয়েছি, আজও গিয়েছিলাম। আমার লুকানোর কী আছে? আমি হামলা করিনি। ওই জমির পাশেই আমার বাড়ি, সেখানকার সবাই আমাকে দেখেছে। আমার পালানোর প্রশ্নই ওঠে না।

নিজের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে খোকন জানান, তিনি ভোলায় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং একসময় সেখানে দলের একটি পদেও ছিলেন।

গত ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে আদাবরের শ্যামলী হাউজিংয়ের একটি বহুতল ভবনে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশধারী কয়েকজন ভবনের গেট ও জানালায় হামলা চালাচ্ছেন।

আদাবর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত খুরশীদ আলম খান বিদেশে অবস্থান করছেন।

রমনা থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, খুরশীদ ওই সংগঠনের সহ-সভাপতি। এটি বিএনপি-সমর্থিত সংগঠন।

গত ২৫ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুর-১ এর রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ২০০ জনেরও বেশি লোক একত্রিত হয়ে হামলা চালায়। তারা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। এসময় এক্সকাভেটর দিয়ে হাসপাতালের কিছু অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।

হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আক্তার হানিফ মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি এখনো পলাতক।

বিএনপি সূত্রে জানা যায়, হানিফ মিয়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য।

শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) রেজাউর রহমান জানান, হানিফ ও অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বরে নিউ গিনি প্রপার্টিজ হাউজিং প্রকল্পে ২০০ থেকে ২৫০ জনের একটি দল হামলা চালায়। তারা কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও, আবাসন কোম্পানিটির অফিস এবং নির্মাণাধীন একটি স্থাপনায় ভাঙচুর করে।

ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, রিয়েল এস্টেট কোম্পানিটির সঙ্গে এক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই কর্মকর্তার পক্ষ হয়ে একদল মানুষ রাতে জমিটির দখল নিতে যায় এবং সালমান মুক্তাদিরের স্টুডিওসহ বেশ কিছু স্থাপনায় ভাঙচুর চালায়।

মামলা করার সময় শাহরিয়ার মাহমুদকে প্রধান আসামি এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিনকে চার নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ওই অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি।

ক্যান্টনমেন্ট থানার ওসি গিয়াস উদ্দিন গতকাল জানান, প্রধান আসামিসহ এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Most Popular