কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। চতুর্থ দফার অভিযানে ৩৭৯ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার তাদের আটক করা হয়। জেলার ১৮টি থানা পুলিশ ও গোয়েন্দা শাখার সদস্যরা অভিযানে অংশ নেন।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. লুৎফর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত ১৮টি থানায় জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা শাখা একযোগে অভিযান চালায়।
তিনি আরও জানান, অভিযানে মোট ৩৭৯ জনকে জন্য আটক করা হয়েছে। অপরাধে তাদের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে, তৃতীয় দফার অভিযানে রোববার ৪১৫ জনকে আটক করে পুলিশ। প্রথম ও দ্বিতীয় দফায় যথাক্রমে ৬২৪ জন ও ২৫৪ জন আটক হয়েছিল।
গত ১৮ সেপ্টেম্বরে নিখোঁজ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। পরে ১৯ সেপ্টেম্বর কোটবাড়ি পাহাড়ের সানন্দা এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় গ্রেপ্তার করা হয় চারজনকে। এরপর থেকে কিশোর অপরাধ দমন ও কিশোর গ্যাং ঠেকাতে তৎপর হয় জেলা পুলিশ।
