Wednesday, September 30, 2026
Homeবিদেশভারতের উত্তর প্রদেশে বন্যায় নিহত বেড়ে ৮১

ভারতের উত্তর প্রদেশে বন্যায় নিহত বেড়ে ৮১

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে।

রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ভারতের উত্তর প্রদেশে ২৪ কোটিরও বেশি মানুষ বাস করেন। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে রাজ্যটিতে প্রায়ই ভারী বৃষ্টি ও বজ্রঝড় হয়ে থাকে।

রোববার রাতে ত্রাণ কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের সময় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় ২ হাজার ২০০টির বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে ১৫৪টি গবাদিপশু ও অন্যান্য প্রাণী। এছাড়া ৮১ হেক্টর কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড় ও বজ্রপাতসহ চরম আবহাওয়ার ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করে আসছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তনকে এসবের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের ৭৫টি জেলার মধ্যে একটি ছাড়া বাকি সব জেলাতেই রোববার স্বাভাবিকের তুলনায় ‘অত্যধিক বেশি’ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Most Popular