Saturday, August 22, 2026
Homeখেলা৯ বছর পর ফেরা হালের কাছে হেরে ইউনাইটেডের হতাশার শুরু

৯ বছর পর ফেরা হালের কাছে হেরে ইউনাইটেডের হতাশার শুরু

নয় বছর পর প্রিমিয়ার লিগে ফিরেই বড় এক চমক দেখাল হাল সিটি। নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে নতুন মৌসুমের শুরুটাই করে দিল স্মরণীয়। অন্যদিকে গত মৌসুমের দারুণ প্রত্যাবর্তনের পর নতুন মৌসুম নিয়ে তৈরি হওয়া আশাবাদে প্রথম ম্যাচেই ধাক্কা খেল মাইকেল ক্যারিকের দল।

শুরু থেকেই ইউনাইটেডের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে হাল। ১৭ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। কর্নার থেকে অলিভার ম্যাকবার্নির শট গোলরক্ষক সেন লামেন্স ফিরিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠান সেমি আজাই।

প্রথমার্ধ শেষ হওয়ার সাত মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করে হাল। রেগান স্লেটারের ফ্রি-কিক থেকে নোবেল মেন্ডি দুর্দান্ত হেডে বল পাঠান ইউনাইটেডের জালে। ৫২ বছর পর লিগে ইউনাইটেডের বিপক্ষে জয় পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে এমকেএম স্টেডিয়াম।

‘এটা অসাধারণ ছিল। দারুণ শুরুর পর গোলটি করতে পেরে আমি উচ্ছ্বসিত। আমরা বাইরের কথাবার্তায় মন দিচ্ছি না, নিজেদের ওপর বিশ্বাস রাখছি,’ বলেন আজাই।

ইউনাইটেডের জন্য পরিস্থিতি আরও হতাশার ছিল। প্রিমিয়ার লিগের ইতিহাসে কোনো মৌসুমের উদ্বোধনী ম্যাচে নবাগত দলের কাছে কখনো হারেনি তারা। সেই রেকর্ডও এবার ভেঙে গেল।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে ২০২৪ সালের ডিসেম্বরের পর প্রথমবার ইউনাইটেডের জার্সিতে খেলেন মার্কাস রাশফোর্ড। কিছুটা প্রাণ ফেরালেও ম্যাচে ফিরতে পারেনি দল।

৭৮ মিনিটে সমতায় ফেরার সবচেয়ে ভালো সুযোগ পেয়েছিলেন ব্রায়ান এমবুমো। তবে কাছ থেকে তার শট ঠেকিয়ে দেন হালের গোলরক্ষক কনস্তান্তিনোস তজোলাকিস।

ম্যাচ শেষে ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজও স্বীকার করেছেন, সেট-পিসই তাদের সর্বনাশ করেছে।

‘প্রিমিয়ার লিগে এ ধরনের অ্যাওয়ে মাঠে খেলা কঠিন। তাদের তীব্রতা ও আগ্রাসনের সঙ্গে তাল মেলাতে হয়। আজ দুটি সেট-পিসই শেষ পর্যন্ত আমাদের ম্যাচটা হারিয়েছে,’ বলেন ফার্নান্দেজ।

গত মৌসুমে রুবেন আমোরিমকে সরিয়ে জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ইউনাইটেডকে ঘুরে দাঁড় করিয়েছিলেন ক্যারিক। তার অধীনে আত্মবিশ্বাস হারানো দলটি শেষ পর্যন্ত তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছিল।

তাই নতুন মৌসুম শুরুর আগে ইউনাইটেডকে ঘিরে প্রত্যাশাও ছিল অনেক। কিন্তু নয় বছর পর প্রিমিয়ার লিগে ফেরা হালের কাছে হার দিয়ে সেই আশার শুরুতেই বড় ধাক্কা খেল রেড ডেভিলরা।

ম্যাচ শেষে ক্যারিক অবশ্য হতাশ হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে শান্ত থাকার বার্তা দিয়েছেন, ‘এটা মাত্র একটি ম্যাচ। মৌসুমের প্রথম ম্যাচ বলেই হতাশাটা বেশি, অবশ্যই কষ্ট হচ্ছে। কিন্তু হঠাৎ করে পুরো দলের বা ক্লাবের দিক পরিবর্তন হয়ে যায় না। আমরা শান্ত থাকব এবং পরের ম্যাচের দিকে মনোযোগ দেব।’
 

Most Popular