টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দারুণ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। শনিবার ডারউইনের মারারা ওভালে নেপালকে ৯ উইকেটে হারিয়েছে তারা।
টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই নেপালের ব্যাটিংয়ে ধস নামিয়ে দেন বোলাররা। একসময় মাত্র ১৩ রানেই ৫ উইকেট হারিয়ে বসে নেপাল।
শেষ পর্যন্ত ওপেনার কুশল ভুর্তেল প্রতিরোধ গড়ে তুললেও নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৯ রানের বেশি করতে পারেনি নেপাল। ভুর্তেল ৪০ বলে ৪৬ রান করেন।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন স্পিনার মো. রুবেল। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। রোহানাত দৌল্লাহ বর্ষণ, রিপন মণ্ডল ও সামিউন বাসির নেন একটি করে উইকেট।
জবাবে শুরুতেই হাবিবুর রহমান সোহানকে ৭ রানে হারায় বাংলাদেশ। তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি জিশান আলম ও আরিফুল ইসলাম।
ব্যাট হাতে ঝড় তোলেন জিশান। মাত্র ২৯ বলে অপরাজিত ৫২ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। অন্যদিকে আরিফুল ইসলাম ২৭ বলে অপরাজিত থাকেন ৩৪ রানে।
দুজনের ব্যাটে মাত্র ১০.২ ওভারেই ১০১ রান তুলে ম্যাচ শেষ করে বাংলাদেশ। ফলে ৯ উইকেটের বড় জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করল হাই পারফরম্যান্স দল।
বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের পরবর্তী ম্যাচ রোববার একই ভেন্যুতে হোবার্ট হারিকেনস একাডেমির বিপক্ষে।
