Saturday, August 22, 2026
Homeখেলাস্টার্ক আমাকে আউট করেছে, আমিও তাকে: শরিফুল

স্টার্ক আমাকে আউট করেছে, আমিও তাকে: শরিফুল

মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে মাত্র ৬৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। দিনের শুরুতে একের পর এক উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে বিপর্যস্ত করা অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার পরে নিজেই শিকার হয়েছেন বাংলাদেশের আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। একই দিনে দুজনের ঝুলিতেই ৬ উইকেট। তবে দুজনের পারফরম্যান্সের গল্পটা যেন দুই প্রান্তের, স্টার্কের ছয় উইকেটে বাংলাদেশের ব্যাটিং ধসে গেছে, আর শরিফুলের ছয় উইকেটে ম্যাচে আবারও লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ।

ম্যাকাই টেস্টের প্রথম দিনে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটাই হয়েছিল দুঃস্বপ্নের মতো। প্রথম বলেই উইকেট নিয়ে শুরু করা স্টার্ক মাত্র ২২ বলের মধ্যে তুলে নেন পাঁচ উইকেট। শেষ পর্যন্ত ২৮ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামিয়ে দেন তিনি।

জবাব দিতে নেমে অস্ট্রেলিয়াও খুব একটা স্বস্তিতে থাকতে পারেনি। তাসকিন আহমেদের পর বল হাতে ঝড় তোলেন শরিফুল। ট্রাভিস হেড ও মারনাস লাবুশেনেকে পরপর ফিরিয়ে শুরু করা শরিফুল পরে স্টিভ স্মিথ, বো ওয়েবস্টার, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে তুলে নেন। দিন শেষে ৩৫ রানে ৬ উইকেট, টেস্ট ক্যারিয়ারে নিজের সেরা বোলিংয়ের দেখা পান তিনি।

সবচেয়ে মজার ব্যাপার, যে স্টার্ক সকালে বাংলাদেশের ইনিংস গুঁড়িয়ে দিয়েছিলেন, দিনের শেষভাগে তাকেই নিজের শিকার বানান শরিফুল। সাংবাদিকদের প্রশ্নে সেই মুহূর্তের অনুভূতি জানাতে গিয়ে শরিফুলের জবাবটাও ছিল বেশ সরল। ‘স্টার্ক আমাকে আউট করেছে, আমি চেষ্টা করছি, আমারও বল করা… তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।’

একই দিনে স্টার্ক ও শরিফুলের ছয় উইকেট নেওয়ার বিষয়টিও আলাদা করে ভালো লেগেছে তার। কারণ স্টার্ককে তিনি অনেক আগে থেকেই অনুসরণ করেন। বয়সভিত্তিক ক্রিকেট খেলার সময় থেকেই স্টার্কের বোলিং ও সুইং দেখেছেন শরিফুল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে তার ভিডিও দেখেও প্রস্তুতি নিয়েছেন।

স্টার্কের সঙ্গে একই দিনে ছয় উইকেট পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে শরিফুল বলেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট খেলার সময় থেকেই আমি ওনাকে দেখেছি। ওনার বোলিং আর সুইং আমার ভালো লাগে। এখন ওনার সঙ্গে খেলছি, এক ম্যাচে সেও ছয়টা পাচ্ছে, আমিও ছয়টা পাচ্ছি, এদিক দিয়ে খুব ভালো লাগছে।’

দিন শেষে অস্ট্রেলিয়া ১৬৫ রান তুলেছে ৮ উইকেট হারিয়ে। বাংলাদেশের চেয়ে ১০১ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে স্বাগতিকরা। ক্যামেরন গ্রিন ৫১ রানে অপরাজিত, সঙ্গে ন্যাথান লায়ন ১০ রানে।
 

Most Popular