Tuesday, August 18, 2026
Homeবাংলাদেশমাদারীপুরে ট্রাকচাপায় আহত শিক্ষকের মৃত্যু

মাদারীপুরে ট্রাকচাপায় আহত শিক্ষকের মৃত্যু

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত সাবেক প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বেপারি (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান তিনি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার বিকেলে শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কের আসমত আলী খান সেতুর ওপর রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

ওসি আবুল কালাম আজাদ জানান, শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন দেলোয়ার বেপারি। সম্প্রতি তিনি অবসরে যান। এরপর মাদারীপুরের আসমত আলী খান সেতু সংলগ্ন এলাকায় জমি কিনে স্থায়ীভাবে বসবাস করতেন।

তিনি বলেন, ‘মৌখিকভাবে আমি বিষয়টি জেনেছি। পরিবারকে লিখিত অভিযোগ দিতে ও মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে মরদেহ ময়নাতদন্ত করতে বলেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজ বিকেল ৪টায় তার মরদেহ ঢাকা থেকে মাদারীপুরে আনা হয়। সেখানে জানাজা শেষে সাড়ে ৫টার দিকে দাফনের জন্য শরীয়তপুরের বাড়িতে নেওয়া হয়।

Most Popular