Monday, August 17, 2026
Homeবাংলাদেশ৮ মাসে বিজিবির সরাইল রিজিওনের অভিযানে ৮৩০ কোটি টাকার পণ্য জব্দ

৮ মাসে বিজিবির সরাইল রিজিওনের অভিযানে ৮৩০ কোটি টাকার পণ্য জব্দ

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পূর্ব রিজিয়নের (সরাইল) অধীনস্থ কুমিল্লা, শ্রীমঙ্গল, সিলেট ও ময়মনসিংহ সেক্টরের ইউনিটগুলো বিভিন্ন অভিযান চালিয়ে প্রায় ৮৩০ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৪৭৭ টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে।

আজ সোমবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন সদর দপ্তরে (সরাইল) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে চারটি সেক্টরের অধীনে ১৩টি ইউনিটের ২১১টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) দিয়ে সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে কাজ করছে। মাদক, অস্ত্র, মানবপাচারসহ বিভিন্ন অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, গত ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত পরিচালিত এসব অভিযানে মোট ৮৩০ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৪৭৭ টাকা মূল্যের মাদক ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে—চারটি পিস্তল, ছয়টি এয়ারগান, পাঁচটি পাইপগান, একটি ওয়ান শুটার গান, ৪০ রাউন্ড কার্তুজ, ১৮ দশমিক ৩৩ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার।

সীমান্ত নিরাপত্তা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Most Popular