Monday, August 17, 2026
Homeবাংলাদেশদুদক চেয়ারম্যান হলেন এ কে এম আসাদুজ্জামান

দুদক চেয়ারম্যান হলেন এ কে এম আসাদুজ্জামান

অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন করা হয়েছে।

একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া।

আজ সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

আইন অনুযায়ী, দুদকের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমান বেতন, ভাতা, মর্যাদা ও অন্যান্য সুবিধা পাবেন। আর দুই কমিশনার পাবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমান বেতন, ভাতা, মর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধা।

এর আগে চলতি বছরের ৩ মার্চ দুদকের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্‌সান ফরিদ পদত্যাগ করেন। এরপর থেকে দুদক কমিশনশূন্য ছিল।

নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগের মাধ্যমে প্রায় পাঁচ মাস পর পুনর্গঠিত হলো দুর্নীতি দমন কমিশন।

নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি। আর দুই কমিশনারের মধ্যে ড. জাহাঙ্গীর আলম খান সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া আর্থিক প্রতিবেদন কাউন্সিলের (এফআরসি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 

Most Popular