Sunday, August 16, 2026
Homeবাংলাদেশগাজীপুরে ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত

গাজীপুরে ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ছুরিকাঘাতে রাজধানী পরিবহনের এক বাসের হেলপার নিহত হয়েছেন। রোববার ভোররাত ৩টার দিকে উপজেলার ট্রাকস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া (২২) নওগাঁর বদলগাছী উপজেলার আটাপাড়া পাহাড়পুর এলাকার মজিদুল ইসলামের ছেলে।

তিনি কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং রাজধানী পরিবহনের একটি বাসে হেলপার হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, ভোররাতে ট্রাকস্ট্যান্ড এলাকায় মাদক সেবনকে কেন্দ্র করে চার বন্ধুর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার সময় এক বন্ধু আকাশ মিয়াকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে সঙ্গে থাকা অন্য তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে খবর পেয়ে কালিয়াকৈর থানার টহল পুলিশ ঘটনাস্থল থেকে আকাশকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ছুরিকাঘাতে নিহত আকাশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

‘এসআই তোফায়েল আহমেদ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে’, বলেন তিনি।

Most Popular