Sunday, June 14, 2026
Homeখেলাহৃদয়-লিটন-মোসাদ্দেকের ফিফটিতে বাংলাদেশের শক্ত পুঁজি

হৃদয়-লিটন-মোসাদ্দেকের ফিফটিতে বাংলাদেশের শক্ত পুঁজি

শুরুর ধাক্কা সামলে বড় জুটিতে দলকে খেলায় ফেরায় তাওহিদ হৃদয় আর লিটন দাস। লিটন পেশির চোটে মাঠ ছাড়ার পর মোসাদ্দেক হোসেন সৈকত এসে দেখান ছন্দ। শেষ দিকে লিটনও ফেরেন মাঠে। এই তিনজনের ফিফটিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে জুতসই পুঁজি পেয়েছে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৪ রান। ৮৮ বলে দলের হয়ে সর্বোচ্চ ৮৩ করেন হৃদয়। লিটন ৭৮ বলে ৫৮ আর মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ৫১ বলে ৫৬ রান।

টস জিতে ব্যাটিং নিয়ে প্রথম ওভারেই সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। জেভিয়ের বার্টলেটের বল স্টাম্পে টেনে বোল্ড হন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধের চেষ্টায় ছিলেন নাজমুল হোসেন শান্ত আর তানজিদ হাসান তামিম। কিন্তু ঠিক সাবলীল ছিলেন না তারা।

পঞ্চাশ রানের জুটির পর তাদের আলগা করেন ম্যাট রেনশ। এই অফ স্পিনার সিরিজের আগের ম্যাচগুলোতেই উইকেট পেয়েছিলেন, আবার তিনি পর পর ফেরান তানজিদ ও শান্তকে। ১৯ করে তানজিদ ক্যাচ দেন, সুইপের চেষ্টায় বোল্ড হন ৫০ বল খেলে ২৪ করা শান্ত।

টানা দুই উইকেট হারানোর পর বড় জুটি পেয়ে যায় বাংলাদেশ। হৃদয়কে নিয়ে দলকে টানেন লিটন। পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে শুরুতে সময় নেন তারা, ধীরে ধীরে ধাতস্থ হয়ে বিকশিত হতে থাকেন। লিটন এগোচ্ছিলেন ফিফটির দিকে, মিরপুরে বিস্ময়করভাবে ওয়ানডেতে তার ফিফটি ছিল না। কিন্তু এবার আউট না হলেও সেটা থমকে যায় পেশির টানে।

তার চোটে ১০৭ বলে ৯২ রানের অবিচ্ছিন্ন জুটিটি থমকে যায়। পেশিতে টান পড়ায় মাঠ ছাড়তে হয় লিটনকে। ১ ছক্কা, ৪ বাউন্ডারিতে ৭৩ বলে ৪৮ করেন তিনি। তবে স্লগ ওভারে ৫ উইকেট পড়ার পর ফিরে লিটন পান ফিফটির দেখা।

লিটন চোটে মাঠ ছাড়ার পর হৃদয় অবশ্য পরে সঙ্গী পেয়ে যান মোসাদ্দেককে। দলে ফিরে প্রথম ম্যাচের নায়ক এই অলরাউন্ডার আবারও দেখান ছন্দ। এই দুজনের জুটিও শতরানের আগে থেমে যায়। স্লগ ওভারে মারতে গিয়ে হৃদয় তার ঝলমলে ইনিংস থামান ডোয়ারশুইসের বলে। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটারের ৮৩ রান এসেছে ৮ চারে, ৮৮ বলে।

আগ্রাসী ব্যাটিংয়ে ক্যারিয়ারে পঞ্চম ফিফটি করা মোসাদ্দেক স্লগ ওভারে নেন দ্রুত রান আনার দায়িত্ব। হৃদয়ের আউটের পর শেখ মেহেদী এসে তাল পাননি। তার আউটের পর খুঁড়িয়ে খুঁড়িয়ে বাধ্য হয়ে নামতে হয় লিটনকে। ফিফটি তুলে আরও কিছু রান যোগ করে যান তিনি।

 

Most Popular