যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি ঘিরে ‘হুমকি’ থাকায় সেখান থেকে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন রোববার নিশ্চিত করেছে, প্রায় এক ডজন বি-১ বোমারু বিমান যুক্তরাষ্ট্রের নিজস্ব ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার নেব্রাস্কার উদ্দেশে রওনা হওয়ার সময় ট্রাম্প বলেন, ঘাঁটিটিকে ঘিরে ‘কিছু হুমকি’ ছিল। তাই বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে তিনি হুমকির ধরন বা কারা এর সঙ্গে জড়িত, তা জানাননি।
বিবিসি জানিয়েছে, গত ২৭ সেপ্টেম্বর ঘাঁটির কাছে তিনটি ‘সন্দেহজনক যানবাহন’ দেখা যাওয়ার পর পুলিশ সেখানে অভিযান চালায়। ওই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।
ট্রাম্পের মন্তব্যের পর মার্কিন সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে আবার সংঘাত শুরু হলে ফেয়ারফোর্ডে থাকা বিমানগুলোতে হামলা বা নাশকতার আশঙ্কা থাকতে পারে। তবে হুমকির সুনির্দিষ্ট ধরন এখনো পরিষ্কার নয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য বলেছেন, সামরিক বিমান ও সরঞ্জাম এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সরানো অস্বাভাবিক কিছু নয়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ‘অতিরিক্ত সতর্কতার’ অংশ হিসেবে বিমানগুলো সরানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান ফেয়ারফোর্ডের ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
