Wednesday, July 15, 2026
Homeবাংলাদেশহালুয়াঘাটে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবার মৃত্যু

হালুয়াঘাটে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবার মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আজ বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম মজিবুর রহমান (৫৫)। তিনি উপজেলার খন্দকপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফারুক আহমেদকে (৩০) বুধবার বিকেলে আটক করেছে পুলিশ। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বুধবার সকালে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় মজিবুর রহমানের ওপর ধারালো দা দিয়ে হামলা চালান ফারুক আহমেদ। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যান হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

স্থানীয়দের ভাষ্য, ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

ওসি ফেরদৌস আলম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Most Popular