Wednesday, July 8, 2026
Homeবাংলাদেশহবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২০

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২০

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী।

আজ বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। লাকী পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের চালকের মৃত্যু হয়। আর লাকী পরিবহনের চালকসহ দুই বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও বাহুবল ফায়ার সার্ভিসের কর্মীরা চালকের লাশ উদ্ধার করেন। সড়ক থেকে লাকী পরিবহনের বাসটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি বলেন, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ইউনিক পরিবহনের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

Most Popular