হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলায় দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১০ নেতাকর্মী ও সাংবাদিক আহতের অভিযোগ পাওয়া গেছে।
এনসিপির দাবি, মঙ্গলবার বিকেলে স্থানীয় বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সচিব প্রীতম দাশ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জুলাই পদযাত্রার অংশ হিসেবে হবিগঞ্জ সার্কিট হাউজের পাশে কর্মসূচি চলাকালে দলের গাড়িবহরে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিতে হামলা চালায়। এতে সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মুবিনসহ ১০ নেতাকর্মী ও কয়েকজন সাংবাদিক আহত হন।’
প্রীতম আরও জানান, হামলাকারীরা হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে থাকা এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস ভাঙচুর করে।
এসময় কয়েকটি মোবাইল ফোন ও ক্যামেরা নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
হামলার অভিযোগ অস্বীকার করে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ডেইলি স্টারকে বলেন, ‘ছাত্রদলের কোনো নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নয়।’
তিনি বলেন, ‘আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা শুনেছি। জানা গেছে, আপত্তিকর বক্তব্য দেওয়ার পর ক্ষুব্ধ কিছু ব্যক্তি তাদের ধাওয়া করেন। এ ঘটনায় ছাত্রদল কিংবা বিএনপির কোনো ভূমিকা নেই।’
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’
