Sunday, August 16, 2026
Homeবাংলাদেশসিরাজগঞ্জে এমপি আয়নুল হকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার গাড়িতে ভাঙচুর চালানো হয়।

তবে সংসদ সদস্য আয়নুল আঘাতপ্রাপ্ত হননি।

আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাত ৯টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে শনিবার সন্ধ্যায় ধানগড়া বাজারে জরুরি মতবিনিময় সভা ছিল।

সভাশেষে বের হয়ে যাওয়ার সময় সংসদ সদস্যের গাড়ির ওপর অতর্কিত হামলা হয়। পরে এমপি আয়নুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এ সময় তার সঙ্গে থাকা একজনের ফেসবুক আইডি থেকে দেওয়া লাইভে এমপি আয়নুল হক এ হামলার জন্য জামায়াত ও এনসিপিকে দায়ী করেন।

তবে, এমপির এ অভিযোগ অস্বীকার করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। তিনি

দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হামলার ঘটনা যখন ঘটে তখন নেতাকর্মীরা আমাদের নিজস্ব কর্মসূচিতে ছিলেন। তাই এ ধরনের মিথ্যা অভিযোগ দিয়ে রাজনীতি করার সুযোগ নেই।’

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বলেন, ‘হামলায় এমপি আঘাতপ্রাপ্ত হননি। তবে তার গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’

‘ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যারা হামলা করেছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে,’ যোগ করেন তিনি।

Most Popular