Monday, June 15, 2026
Homeবাংলাদেশসাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

ঢাকার সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন—মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম রানা (৩৬), মজিবর রহমান (৪৮) ও ১৬ বছর বয়সী এক কিশোর।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রতিবেশী রানাসহ পাঁচজন গত বৃহস্পতিবার রাতে নারীকে ধর্ষণ করে। সেসময় তারা ভিডিও ধারণা করে রাখেন। বিষয়টি কাউকে বললে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে শনিবার রাতে গৃহবধূর পরিবার ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে প্রতিবেশী রানাকে গণপিটুনি দেয় ও পুলিশের কাছে সোপর্দ করে।

পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ওই গৃহবধূর মা শনিবার রাতে ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় একজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

তিনি বলেন, পরে পুলিশ অভিযান চালিয়ে ২ আসামিকে গ্রেপ্তার করে। মামলার ২ নম্বর আসামি সাকিব ও অজ্ঞাতপরিচয় অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, চিকিৎসার জন্য গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
 

 

 

 

Most Popular