Thursday, July 9, 2026
Homeবিদেশশিক্ষানবিশকে উড়োজাহাজে রেখেই আর্জেন্টাইন পাইলটের ঝাঁপ দিয়ে মৃত্যু

শিক্ষানবিশকে উড়োজাহাজে রেখেই আর্জেন্টাইন পাইলটের ঝাঁপ দিয়ে মৃত্যু

সাম্প্রতিক সময়ে ফিফা ফুটবল বিশ্বকাপের কারণে বারবার সংবাদমাধ্যমে আর্জেন্টিনার নাম শোনা গেলেও আজ লাতিন আমেরিকার দেশটি সম্পূর্ণ ভিন্ন এক কারণে খবরের শিরোনাম হয়েছে।

আর্জেন্টাইন পাইলট লিয়ান্দ্রো আন্দ্রেস বেরতাজ্জো (৪২) তার শিক্ষানবিশ রোসারিওকে উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ দেওয়ার সময় মাঝ আকাশেই উড়োজাহাজের দরজা খুলে বাইরে ঝাপ দেন।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

আর্জেন্টিনার কোর্দোবা প্রদেশের টোলেডো এলাকায় গত শনিবার এই ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার এ বিষয়ে সরকারি কৌঁসুলির দপ্তর থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতি মতে, ঘটনার পর বেরতাজ্জোর মরদেহ খুঁজে পাওয়া গেছে।

তিনি একটি সেসনা ১৫০ উড়োজাহাজে ২২ বছর বয়সী শিক্ষানবিশ  রোসারিওকে প্রশিক্ষণ দিচ্ছিলেন।

উড়োজাহাজটি আকাশে থাকা অবস্থায় রোসারিওকে বেরতাজ্জো বলেন, ‘তুমি জানো তোমার কী করতে হবে। এগিয়ে যাও।’

এরপর তিনি তার হেডসেট ও সিটবেল্ট খুলে ফেলেন। তারপর উড়োজাহাজের দরজা খুলে বাইরে ঝাঁপ দেন।

আর্জেন্টিনার টিভি চ্যানেল টোডোস নোটিসিয়াস (টিএন) এই তথ্য জানায়।

বেরতাজ্জো ফ্লাইং প্যারট কর্ডোবা নামের উড়োজাহাজ প্রশিক্ষণকেন্দ্রে কাজ করতেন।

ওই কেন্দ্রের পরিচালক এদুয়ার্দো আলভারেজ টিএনকে বলেন, ওই পাইলট উড়োজাহাজ থেকে ঝাঁপ দেবেন, এমন কোনো লক্ষণ তারা টের পাননি।

একই দিন বেরতাজ্জো অপর এক শিক্ষানবিশ কে নিয়ে আরেকটি প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করেছিলেন বলে আলভারেজ জানান।

‘তিনি আরেকজন মানুষকে পাশে রেখে উড়োজাহাজে বসেই এই মর্মান্তিক সিদ্ধান্ত নেন। এটা নিয়ে চিন্তা করা বা এর পেছনের কারণ বুঝতে পারা অসম্ভব। এতে কোনো সন্দেহ নেই যে মানুষের মন অত্যন্ত জটিল বিষয়’, যোগ করেন তিনি।

আলভারেজ আরও জানান, ‘বেরতাজ্জো একজন অসাধারণ মানুষ ছিলেন। খুব মিষ্টি করে হাসতেন তিনি। আমরা সবাই এই ঘটনায় বিস্মিত।’

আলভারেজ ব্যাখ্যা দেন, মাঝ আকাশে উড়োজাহাজের দরজা খোলা খুবই ঝামেলার কাজ।

ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে চলমান গাড়ির দরজা খোলার সঙ্গে এর তুলনা চলে—জানান আলভারেজ।

তিনি আরও জানান, ঘটনার আকস্মিকতায় ‘স্তম্ভিত’ হয়ে পড়লেও উড়োজাহাজটিকে নিরাপদেই অবতরণ করাতে সক্ষম হন রোসারিও। উড়োজাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেন আলভারেজ।

টিএনের দেওয়া তথ্য অনুযায়ী, বেরতাজ্জো একজন অভিজ্ঞ পাইলট ছিলেন। তিনি প্রতিবেশী দেশ চিলিতেও ফ্লাইট প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন।

কৌঁসুলিরা এখন এই ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত প্রক্রিয়া চালাবেন।

Most Popular