Wednesday, September 30, 2026
Homeখেলারেকর্ড গড়া ইনিংসের পর র‍্যাঙ্কিংয়ে গিলের সঙ্গে লড়াইয়ে কোহলি

রেকর্ড গড়া ইনিংসের পর র‍্যাঙ্কিংয়ে গিলের সঙ্গে লড়াইয়ে কোহলি

ক্যারিয়ারের গোধূলিলগ্নেও ব্যাট হাতে সমান উজ্জ্বল বিরাট কোহলি। কেবল ওডিআই ফরম্যাট চালিয়ে যাওয়া এই মাস্টার ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরিতে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানের আরও কাছে চলে এসেছেন। চমৎকার ইনিংসের সৌজন্যে র‍‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তার অবস্থান এখন দুইয়ে। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওডিআইতে ৮৮ বলে অপরাজিত ১৩৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি। এটি তার ওডিআই ক্যারিয়ারের ৫৫তম এবং সব সংস্করণ মিলিয়ে ৮৬তম সেঞ্চুরি। আইসিসির সবশেষ হালনাগাদে কোহলির রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৯৬-এ। তার ঠিক সামনেই অবস্থান করছেন সতীর্থ শুভমান গিল। একই ম্যাচে শতক হাঁকিয়ে ৮১৬ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের চূড়া ধরে রেখেছেন ভারতের অধিনায়ক গিল। ফলে দুই ভারতীয় তারকার মধ্যে শীর্ষ স্থানের লড়াই এখন জমে উঠেছে। 

সাপ্তাহিক এই রদবদলে বিশ্বজুড়ে ব্যাটারদের ব্যাপক প্রভাব দেখা গেছে। ২০২৭ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে দলগুলোর প্রস্তুতির মাঝেই গত এক সপ্তাহে একদিনের আন্তর্জাতিক ম্যাচে দেখা গেছে আটটি শতক। এর মধ্যে ২৭ সেপ্টেম্বর এক দিনেই হয়েছে ছয়টি সেঞ্চুরি—রেকর্ড বইয়ে এক দিনে এত শতকের নজির আর নেই।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে ভারতের একচ্ছত্র আধিপত্য আটকে রেখেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ৭৯৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন তিনি। আর ৭১৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। 

Virat Kohli brought up his 55th ODI century, India vs West Indies, 1st ODI, Thiruvananthapuram, September 27, 2026লিডসে ১২১ রানের ইনিংস খেলে তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা সপ্তম স্থানে (৬৭৪ পয়েন্ট) উঠে এসেছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। ওভালে ফিফটির সৌজন্যে এক ধাপ এগিয়ে ১১ নম্বরে (৬৫০ পয়েন্ট) উঠে এসেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। আয়ারল্যান্ডের হ্যারি টেক্টরের (৬৫৩) চেয়ে তিনি পিছিয়ে আছেন মাত্র ৩ পয়েন্টে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে ১০ ধাপ লাফিয়ে ৩২ নম্বরে (৫৫৬) উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা। আর দ্বিতীয় ওডিআইতে ৯৩ বলে ১৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ৪১ নম্বরে র‍্যাঙ্কিংয়ে ফের জায়গা করে নিয়েছেন ডেভিড মিলার।

বোলারদের তালিকায় নজর কেড়েছেন স্পিনাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪/২০ ও ২/৫৪ বোলিংয়ের সৌজন্যে তিন ধাপ এগিয়ে তিন নম্বরে (৬৬৭) উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। তিনি দুই নম্বরে থাকা পাকিস্তানের আবরার আহমেদের চেয়ে পিছিয়ে আছেন ৮ পয়েন্টে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার উইকেট নেওয়া ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব চার ধাপ এগিয়ে উঠে এসেছেন পঞ্চম স্থানে (৬২৩)। আর শ্রীলঙ্কার দুনিথ ওয়েল্লালাগে ১২ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ২৬ নম্বরে এবং অলরাউন্ডারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন। 

সপ্তাহজুড়ে ব্যাটারদের দাপটের মধ্যেও আলো ছড়িয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচে চার উইকেট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে সেরা দশে (১০ম স্থান, ৫৯১ পয়েন্ট) ঢুকে পড়েছেন তিনি। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৪ রান ও তিন উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন অলরাউন্ডারদের তালিকায় তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৫ নম্বরে (১৮৯ পয়েন্ট)।

 

Most Popular