Thursday, October 1, 2026
Homeবাংলাদেশ‘রুমিন ফারহানার বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’

‘রুমিন ফারহানার বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’

ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি ও দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করছেন বলে অভিযোগ তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।

তিনি বলেছেন, ‘রুমিন ফারহানার বক্তব্যে দলের নেতাকর্মীদের সহ্যসীমা পার হয়ে যাচ্ছে। আমাদের ধৈর্যেরও একটা সীমা আছে। সহ্যসীমা পার হয়ে গেলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যা কাম্য নয়।’

আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের বেকিনগর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে স্থানীয় বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

নাদিয়া পাঠান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে ব্রাহ্মণবাড়িয়া জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেত্রী।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাদিয়া পাঠান অভিযোগ করেন, বিএনপি রুমিন ফারহানাকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য করে রাজনৈতিক পরিচিতি দিয়েছিল। কিন্তু এখন তিনি দলের প্রতি ‘চরম অকৃতজ্ঞতা’ প্রকাশ করছেন।

নাদিয়া পাঠান বলেন, ‘গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ত্যাগের কথা ও দলীয় বক্তব্য রুমিন ফারহানাকে লিখে দেওয়া হতো এবং তিনি শুধু সেগুলো জনগণের সামনে তুলে ধরতেন।’

তিনি আরও বলেন, ‘উনি প্রায়ই বলেন, “বাবা-দাদার রাজনীতি ছাড়তে হবে।” আরে ভাই, আপনার নিজের যোগ্যতা থাকলে বারবার বাবার নাম জপতে হয় কেন? নিজের যোগ্যতায় বড় হতে হয়।’

শেখ হাসিনার সঙ্গে রুমিন ফারহানার আচরণের মিল রয়েছে মন্তব্য করে নাদিয়া বলেন, ‘শেখ হাসিনা যেভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অবান্তর ও কুরুচিপূর্ণ মন্তব্য করতেন, বর্তমানে যেন সেই দায়িত্বই রুমিন ফারহানা নিজের কাঁধে তুলে নিয়েছেন।’

তারেক রহমানকে নিয়ে রুমিন ফারহানার সাম্প্রতিক একটি মন্তব্যের প্রসঙ্গ তুলে নাদিয়া পাঠান বলেন, ‘তারেক রহমান অপুষ্টিতে ভুগছেন—এমন অবাস্তব ও জ্ঞানশূন্য কথা উনি কীভাবে বলেন? উনি কি উনার (তারেক রহমান) ব্যক্তিগত চিকিৎসক?’

এসব অভিযোগ ও মন্তব্যের বিষয়ে রুমিন ফারহানার কাছে জানতে চাইলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কে বা কারা আমাকে নিয়ে কী বলেছে তা আমি জানতে চাই না। এ নিয়ে কোনো মন্তব্যও করতে চাই না।’

Most Popular