Monday, October 5, 2026
Homeবাংলাদেশরাবিতে সাংবাদিকদের ওপর হামলা: তদন্তে কমিটি, ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: তদন্তে কমিটি, ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে, হামলায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

আজ সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনা ও এর জেরে সৃষ্ট পরিস্থিতি তদন্তে সিন্ডিকেট সদস্য এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—দর্শন বিভাগের অধ্যাপক মো. আরিফুল ইসলাম, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম আসাদুল হক, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আনিছুর রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কাজী মামুন হায়দার।

অন্যদিকে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

আজ সংগঠনটির দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আহসান হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

রোববার রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ভিডিও ফুটেজে শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে এই তিনজনও ছিলেন।

গতকাল রাত সাড়ে ৮টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ ওঠে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা ও রাজশাহী ইউনিভার্সিটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূর আহসান মৃদুল, আগামীর সময়ের জাহিদুল ইসলাম, বিডিনিউজ২৪ডটকমের আরিফুজ্জামান কোরবান ও সমকালের মাইনুল ইসলাম রাজু।

Most Popular