জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, জনগণকে নিরাপদে রাখতে ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন নেই।
‘সরকারের কাজ ঘুমানো নয়, জনগণ শান্তিতে ঘুমাবে আর সরকার পাহারা দেবে। যে সরকার জনগণকে শান্তি দিতে পারে না, যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সেই সরকারের দরকার নেই,’ বলেন তিনি।
আজ রোববার সকালে রাজধানীর হাতিরঝিলের মধুবাগ মাঠে ঢাকা মহানগরী উত্তর জামায়াত আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী জনসচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি পালন করবে জামায়াত।
শফিকুর রহমান বলেন, বিরোধী দলে থাকলেও দেশের প্রতি তাদের দায়িত্ব রয়েছে।
স্বাস্থ্য খাতসহ দেশের সব প্রতিষ্ঠান ‘বিধ্বস্ত’ অবস্থায় রয়েছে দাবি করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে রাজধানীতেই দিনের বেলায় বিভিন্ন অপকর্ম চলছে।
‘রাজধানীর অবস্থা থেকে বুঝা যায় সারা দেশের অবস্থা কী। যা খুবই উদ্বেগজনক,’ বলেন তিনি।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, গত সাত মাস ধরে হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। এর দায় অতীতের সরকারের ওপর না চাপিয়ে বর্তমান সরকারকে নিজেদের ব্যর্থতা স্বীকার করতে হবে।
তিনি বলেন, বিশ্বে ডেঙ্গুর টিকা থাকলেও সরকার তা আনার কোনো উদ্যোগ নেয়নি। সরকারি উদ্যোগে টিকা আনা সম্ভব না হলে বেসরকারিভাবে আমদানির সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।
‘সরকার নিজেও আনবে না, বাজারও খুলে দেবে না—এটা হতে পারে না,’ বলেন তিনি।
ডেঙ্গুকে ‘মহামারি আকারের’ দুর্যোগ হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জামায়াত বসে থাকার সংগঠন নয়। নিজেদের ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে তারা এ কর্মসূচি নিয়েছে।
তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী সেলিম উদ্দিন ইতোমধ্যে খাল ও নর্দমা পরিষ্কারের কাজ শুরু করেছেন। দক্ষিণ ঢাকায়ও কর্মসূচি চলছে এবং পর্যায়ক্রমে গ্রাম পর্যন্ত এ কার্যক্রম নেওয়া হবে।
শফিকুর রহমান আরও বলেন, সরকারকে জনগণের জীবন রক্ষায় দ্রুত মশা নিধনের বাস্তব কর্মসূচি নিতে হবে এবং ডেঙ্গু আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।
পরে তিনি ডেঙ্গু প্রতিরোধে করণীয়বিষয়ক লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ করেন।
আখতারুজ্জামানের গ্রেপ্তার প্রসঙ্গ
বিমানবন্দরে ‘দুর্নীতি ও অপকর্মের প্রতিবাদ করায়’ সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে শফিকুর রহমান বলেন, তার বিরুদ্ধে ‘তড়িঘড়ি করে মিথ্যা মামলা’ দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, বিমানবন্দরে জামায়াতের ৩৪ সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ‘অশোভন আচরণ’ করা হয়েছে।
‘আখতারুজ্জামান কথা বলেছেন ভুক্তভোগী ও দেশের অর্থনীতির চাকা সচল রাখা প্রবাসীদের জন্য,’ বলেন তিনি।
তার ভাষ্য, আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নয়, ‘সারা বাংলাদেশের ভুক্তভোগী নির্যাতিত মানুষের নেতা হয়ে উঠেছেন।’
রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, ওই ঘটনায় একজন সংসদ সদস্যকে পদত্যাগ করানো হলেও সংশ্লিষ্ট ‘দুষ্কৃতিকারীকে’ এখনো দল থেকে বহিষ্কার বা গ্রেপ্তার করা হয়নি।
‘জনগণকে বোকা ভাববেন না, আড়াল করতে পারবেন না,’ বলেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অনুষ্ঠানে বলেন, সরকার ডেঙ্গু মোকাবিলায় ‘চরম ব্যর্থ’ হয়েছে এবং হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর জায়গা হচ্ছে না।
‘সরকার পারছে না, দেশের নাগরিক হিসেবে আমরা পাশে দাঁড়াবার চেষ্টা করছি,’ বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী সেলিম উদ্দিন।
