Sunday, August 16, 2026
Homeবিনোদনযে গানের অনুরোধ সবচেয়ে বেশি পান খুরশীদ আলম

যে গানের অনুরোধ সবচেয়ে বেশি পান খুরশীদ আলম

কিংবদন্তি সংগীতশিল্পী মো. খুরশীদ আলম তার দীর্ঘ গানের জীবনে সবচেয়ে বেশি অনুরোধ পেয়েছেন ‘আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়’ গানটির জন্য। ১৯৭৭ সালে মুক্তি পাওয়া ‘দোস্ত দুশমন’ সিনেমার এই গানের কথা লিখেছিলেন দেওয়ান নজরুল। গানটির সুরকার ছিলেন আলম খান।

সব ধরনের শ্রোতারাই তার কণ্ঠের এই গানটি পছন্দ করেন। আজও কোনো অনুষ্ঠানে গান গাইতে গেলে এই গানের অনুরোধই সবচেয়ে বেশি পান তিনি।

অনুরোধ আসার তালিকায় এরপরই রয়েছে ‘চুমকি চলেছে একা পথে’ গানটি। এটিও দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ সিনেমার গান। এই গানের সুরকার আলম খান।

তালিকার তৃতীয় স্থানে আছে ‘ও দুটি নয়নে’ গানটি। ১৯৭২ সালে মুক্তি পাওয়া কামাল আহমেদ পরিচালিত ‘অশ্রু দিয়ে লেখা’ সিনেমার এই গানের কথা লিখেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। আর সুর করেছেন আলী হোসেন।

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন বরেণ্য এই সংগীতশিল্পী।

মো. খুরশীদ আলম এ দেশের এক গুণী সংগীতশিল্পী। সুদীর্ঘ গানের ক্যারিয়ারে অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার গাওয়া বহু গান এখনো মানুষের মুখে মুখে ঘোরে।

সিনেমায় তিনি প্রথম প্লেব্যাক করেন ১৯৬৯ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘আগন্তুক’ সিনেমায়। ‘বন্দী পাখির মতো’ শিরোনামের ওই গানটির সুর ও সংগীত করেছিলেন আজাদ রহমান। সেই হিসাবে সিনেমার প্লেব্যাকে তার ৫৭ বছর চলছে।

মো. খুরশীদ আলমের গাওয়া দর্শকপ্রিয় অন্যান্য গানের মধ্যে রয়েছে—‘চুরি করেছ আমার মনটা’, ‘মাগো মা ওগো মা’, ‘বাপের চোখের মণি নয়’, ‘ধীরে ধীরে চল ঘোড়া’, ‘বন্ধু তোর বরাত নিয়া আমি যাব’, ‘এই আকাশকে সাক্ষী রেখে’, ‘পাখির বাসার মতো দুটি চোখ তোমার’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’ ইত্যাদি।

১৯৪৬ সালের আজকের এই দিনে জয়পুরহাটে জন্মগ্রহণ করেন মো. খুরশীদ আলম। আজ ৮১ বছরে পা রাখলেন খ্যাতিমান এই শিল্পী। সিনেমা ও আধুনিক গানের শিল্পী হিসেবে খ্যাতি পেলেও তার গানের শুরুটা হয়েছিল রবীন্দ্রসংগীতের মাধ্যমে। রেডিওর বাণিজ্যিক কার্যক্রমে তার গাওয়া প্রথম দুটি গান হলো—‘তোমার দু হাত ছুঁয়ে শপথ নিলাম’ ও ‘চঞ্চল দু নয়নে বলো না’।

জন্মদিনে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘সবার আশীর্বাদ নিয়ে এই বেশ আছি। যত দিন বেঁচে আছি, নিজের গান গেয়ে যেতে চাই। এখনো মানুষ আমাকে ডাকে, গান শুনতে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যায়। এখনো লাইভ গান করতে পারি, এটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।’

Most Popular