Sunday, June 14, 2026
Homeবাংলাদেশমৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জে গ্রেপ্তার ২

মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জে গ্রেপ্তার ২

ঢাকার মৌচাকে সালিশ চলাকালে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতের ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন রিয়াজ ও আল আমিন। আজ মঙ্গলবার ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আল আমিনকে ঢাকা থেকে এবং রিয়াজকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে ছুরিকাঘাতে খুন হন বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। তিনি রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।

নিহত বিল্লালের ভাগনে মোবারক হোসেন আকাশ গতকা দ্য ডেইলি স্টারকে বলেন, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে তাকে (মোবারককে) মারধর করেন। এ ঘটনার পর তিনি তার মামা বিল্লালকে ডেকে আনেন। রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনা মীমাংসা করতে সালিস বসে।

মোবারক আরও জানান, সালিসের একপর্যায়ে বিল্লালের বুকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সোয়া নয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Most Popular