বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসে মনে করছেন, তার দীর্ঘদিনের রেকর্ড হয়তো এবারই ভেঙে যেতে পারে। তবে সেটি নিয়ে কোনো আক্ষেপ নেই জার্মান কিংবদন্তির। বরং তার ইচ্ছা, যদি কেউ রেকর্ডটি ভাঙেন, তাহলে সেই মানুষটি যেন হন লিওনেল মেসি।
বিশ্বকাপে ১৬ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন ক্লোসে। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর ১৫ গোলের রেকর্ড ভেঙে শীর্ষে উঠেছিলেন তিনি।
তবে উত্তর আমেরিকায় চলমান ২০২৬ বিশ্বকাপকে নিজের রেকর্ডের জন্য বড় হুমকি হিসেবে দেখছেন ক্লোসে। কারণ এবার প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে, বেড়েছে ম্যাচের সংখ্যাও। ফলে গোল করার সুযোগও আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।
জার্মান সংবাদমাধ্যম স্যুডডয়চে সাইটুংকে দেওয়া সাক্ষাৎকারে ক্লোসে বলেন, ‘আমি আশা করছি, এই বিশ্বকাপেই আমার রেকর্ড ভেঙে যাবে। এটি সম্প্রসারিত একটি আসর। ম্যাচ বেশি, তাই গোল করার সুযোগও বেশি। মেসি এবং এমবাপে দুজনেরই অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। আর এতে আমার কোনো সমস্যা নেই। রেকর্ড তো একদিন না একদিন ভাঙারই ছিল।’
বর্তমানে ক্লোসের ১৬ গোলের রেকর্ড স্পর্শ করার সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছেন মেসি এবং এমবাপে। তাই তাদের দুজনকেই সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখছেন জার্মান কিংবদন্তি।
তবে পছন্দের নাম জানতে চাইলে বিন্দুমাত্র দ্বিধা করেননি তিনি। ক্লোসে বলেন, ‘যদি এমনটা হয়, তাহলে আমি খুশি হব যদি মেসি রেকর্ডটি ভাঙে। আমি সবসময়ই তার বিশাল ভক্ত। সে একজন প্রতিভাবান ফুটবলার, এক কথায় জিনিয়াস।’
শুধু মেসির প্রতি নয়, আর্জেন্টিনা দলের বর্তমান কোচ লিওনেল স্কালোনির প্রতিও নিজের শ্রদ্ধার কথা জানিয়েছেন ক্লোসে। দুজনের সম্পর্কের গল্পও তুলে ধরেন তিনি। ইতালিয়ান ক্লাব লাজিওতে একসঙ্গে খেলার সময় থেকেই তাদের বন্ধুত্ব।
‘আর্জেন্টিনার কোচের প্রতিও আমার অনেক শ্রদ্ধা আছে। লাজিওতে থাকার সময় আমি তাকে পুরো শহর ঘুরিয়ে দেখিয়েছিলাম। আমরা খুব ভালো বন্ধু,’ বলেন বর্তমানে জার্মান ক্লাব নুরেমবার্গর কোচ হিসেবে দায়িত্ব পালন করা ক্লোসে।
