Sunday, July 26, 2026
Homeবাংলাদেশময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩

ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ এলাকায় ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

ময়মনসিংহর অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম জানান, শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশাকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। স্থানীয়রা আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, হাসপাতালে তিনজন নারী ও অটোরিকশার চালককে আনা হয়েছিল। এর মধ্যে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও গুরুতর আহত এক নারী বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। সব মিলিয়ে এই দুর্ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

Most Popular