সরকার গঠনের ৬ মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল আসছে। আজ শুক্রবার নতুন মন্ত্রী হিসেবে ৪ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ২ জন শপথ নিয়েছেন।
মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন—আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও এম রশিদুজ্জামান মিল্লাত।
আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন—মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান নরসিংদী-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক।
এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে নির্বাচিত হন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ছিলেন। আর শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ উপজেলা) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য।
তিন নতুন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেওয়ায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা এখন ৫১ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন ২৮ জন মন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী।
শপথগ্রহণের পর বিএনপির দলীয় এবং সরকারের একটি সূত্র নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে মন্ত্রণালয় বণ্টনের কথা জানিয়েছে।
তাদের তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন আব্দুল মঈন খান। এর আগে এই দায়িত্বে ছিলেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আন্দালিভ রহমান পার্থ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। এই দায়িত্বে ছিলেন জহির উদ্দিন স্বপন। তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে পারে।
রশিদুজ্জামান মিল্লাত বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন। আর মন্ত্রীর দায়িত্বে থাকা আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এই মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে গত ১ জুন পদত্যাগ করেছিলেন দীপেন দেওয়ান।
আর মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার কথা রয়েছে। এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে আছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
হুমায়ুন কবির টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। এই মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করছেন ড. খলিলুর রহমান। আর প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন শামা ওবায়েদ।
এতে এ মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, যদিও নিকট অতীতে কোনো মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী দেখা যায়নি। উল্লেখ্য, মন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, নতুন করে মন্ত্রণালয় বণ্টনের বিষয়ে শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে।
১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। সেদিন প্রধানমন্ত্রীসহ ৪৮ মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন।
এছাড়া, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে বর্তমানে মন্ত্রী পদমর্যাদায় ৫ জন এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় ৫ জন বিভিন্ন দায়িত্ব পালন করছেন।
