Tuesday, August 18, 2026
Homeবিদেশভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩৮

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩৮

সাম্প্রতিক সময়ে বিশ্বের একাধিক রাষ্ট্রে ভূমিকম্পের আঘাতে অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির দিক দিয়ে বাকি সকল দুর্যোগকে ছাড়িয়েছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা।

জুনে ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি ভূমিকম্পে মোট ছয় হাজার ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার প্রকাশিত সর্বশেষ সরকারি হিসাবে এ তথ্য জানানো হয়েছে।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।

দুর্যোগের প্রায় দুই মাস পরও ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছেন স্বজন ও উদ্ধারকর্মীরা।

পার্লামেন্টের স্পিকার জর্জ রদ্রিগেজ মৃতের সর্বশেষ সংখ্যা ঘোষণা করেন।

গত সপ্তাহে মৃতের সংখ্যা ৬ হাজার ৩০১ ছিল।

২৪ জুন ভেনেজুয়েলার উপকূলের কাছে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প দুটি আঘাত হানে। এতে অন্তত ১৯০টি ভবন ধসে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ৬০ হাজার বাড়িঘর কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৪ হাজার বাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

ভেনেজুয়েলার হাজারো নাগরিক এখনো অস্থায়ী আশ্রয় শিবিরে নাজুক পরিস্থিতিতে বসবাস করছেন।

এই সপ্তাহান্তে কারাকাসে ভারী বৃষ্টিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের থাকার কয়েকটি তাঁবু ধ্বংস হয়ে গেছে।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সরকার ক্ষতিগ্রস্তদের জন্য আবাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে।

এ বছরের শেষ নাগাদ চার হাজার বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত মাত্র ৩৩৫টি বাড়ি দেওয়া হয়েছে।

Most Popular