Tuesday, October 6, 2026
Homeবিনোদন‘ভারতে শান্তি নেই’ মন্তব্যে বিতর্ক, সঞ্জয় দত্ত বললেন ‘ব্যক্তিগত মত নয়, স্ক্রিপ্টের...

‘ভারতে শান্তি নেই’ মন্তব্যে বিতর্ক, সঞ্জয় দত্ত বললেন ‘ব্যক্তিগত মত নয়, স্ক্রিপ্টের অংশ’

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত সম্প্রতি শেখর সুমনের অনুষ্ঠান ‘শেখর টুনাইট’-এ ‘ভারতে শান্তি নেই’ মন্তব্য করেন। পরে তার এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হলে এক্সে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন তিনি। সর্বশেষ ক্যামেরার সামনে এসে বিষয়টি আরও পরিষ্কার করেছেন এই অভিনেতা।

হিন্দিতে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘অনুষ্ঠানে তার বলা কথাগুলো ছিল স্ক্রিপ্টের অংশ, এগুলো তার ব্যক্তিগত মত, চিন্তা বা অনুভূতি নয়।’

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক পাপারাজ্জি অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে ক্যামেরার দিকে তাকিয়ে সঞ্জয় দত্ত বলেন, ‘শেখর সুমনের অনুষ্ঠানে সম্প্রতি আমার বলা কথা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে যোগাযোগ করেছেন। কেউ বলেছেন, আমার কথায় তারা বেশ অবাক হয়েছেন। আবার কেউ কেউ আমার বক্তব্যের সঙ্গে জোরালোভাবে দ্বিমত পোষণ করেছেন।’

তিনি বলেন, ‘আমি তাদের অনুভূতি পুরোপুরি বুঝতে পারি। তবে একটি বিষয় পরিষ্কার করতে চাই। অনুষ্ঠানে আমি যা বলেছি, তা ছিল একটি স্ক্রিপ্টের অংশ। এ ধরনের টেলিভিশন অনুষ্ঠানে যেমনটা প্রায়ই হয়ে থাকে, আমরা স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করছিলাম।’

সঞ্জয় দত্ত আরও বলেন, ‘আমি যে কথাগুলো বলেছি, তার অনেকটাই ছিল সেই অভিনয় ও অনুষ্ঠানের নির্দিষ্ট প্রেক্ষাপটের অংশ। কোনোভাবেই এগুলো আমার ব্যক্তিগত মত, চিন্তা বা অনুভূতি নয়।’

বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও বিশ্বাসের কথাও উল্লেখ করেন তিনি। সঞ্জয় বলেন, ‘আমার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা যে ভালোবাসা ও বিশ্বাস দেখিয়েছেন, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। কোনো স্ক্রিপ্ট করা অভিনয়ের কারণে আমার ব্যক্তিগত মতামত নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হোক, তা আমি কখনোই চাই না। আশা করি, সঠিক প্রেক্ষাপটে বিষয়টি পরিষ্কার হবে।’
এর আগে, ‘শেখর টুনাইট’ অনুষ্ঠানে সঞ্জয় দত্ত বলেছিলেন, ‘ভারতে এখন আর তিনি শান্তি পান না’।

তিনি বলেন, ‘এ দেশের মানুষ খুবই ভালো। এখানে শান্তি থাকা উচিত। কিন্তু আমাদের দেশে এখন আর সেই শান্তি বুঝতে পারি না। আমরা ভারতীয়রা উদার মনের মানুষ এবং অতিথিপরায়ণ। আমরা অনেক কিছু দিয়েছি, আর আমাদের সব সময় এমনই থাকা উচিত। আমি শিবাজির কাছে প্রার্থনা করি, সেই দিনগুলো যেন দ্রুত ফিরে আসে।’

এরপর দেশের প্রতীকী প্রধানমন্ত্রী হিসেবে একটি বক্তব্য দেন সঞ্জয় দত্ত। সেখানে তার জনপ্রিয় চরিত্র মুন্না ভাইয়ের প্রসঙ্গও উঠে আসে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর ও বিভিন্ন জায়গায় ছবি তোলার বিষয় নিয়ে ব্যঙ্গ করেন তিনি।

২০০৬ সালের ‘লাগে রাহো মুন্না ভাই’ সিনেমায় সঞ্জয় দত্তের অভিনীত মুন্না ভাই চরিত্রটি মহাত্মা গান্ধীর অহিংসার আদর্শ অনুসরণ করে। সিনেমাটির মাধ্যমে ভালোবাসা, একতা ও শান্তির বার্তা তুলে ধরা হয়েছিল।

পরে বক্তব্য নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেওয়ার পর সঞ্জয় দত্ত তার এক্স অ্যাকাউন্টে প্রথম ব্যাখ্যা দেন।

তিনি লেখেন, ‘কোনো ব্যক্তি, সম্প্রদায় বা প্রতিষ্ঠানের অনুভূতিতে আঘাত করা, তাদের অপমান করা বা অসম্মান করা কখনোই আমার উদ্দেশ্য ছিল না।’

তিনি আরও লেখেন, ‘আমার মন্তব্যগুলো ছিল একটি স্ক্রিপ্ট করা কথোপকথনের অংশ, যার উদ্দেশ্য ছিল হালকা ও হাস্যরসাত্মক পরিবেশ তৈরি করা।’

Most Popular