Monday, June 15, 2026
Homeপ্রযুক্তিব্রাউজারে জমা থাকে সার্চ করা তথ্য, মুছবেন যেভাবে

ব্রাউজারে জমা থাকে সার্চ করা তথ্য, মুছবেন যেভাবে

ধরুন, ইন্টারনেটে নতুন একটি সাইকেল খুঁজছেন। অথবা বন্ধুর জন্মদিনের উপহার নিয়ে খোঁজখবর করছেন। হয়তো কোনো মজার ভিডিও দেখেছেন, কোনো জায়গার মানচিত্র দেখেছেন বা কোনো প্রশ্নের উত্তর খুঁজেছেন। কিন্তু হয়তো কয়েক মিনিট পরই বিষয়টি ভুলে গেলেন। কিন্তু ওয়েব ব্রাউজার? সে কিন্তু সব মনে রাখে!

আপনি কোথায় গিয়েছেন, কী খুঁজেছেন, কোন ভিডিও দেখেছেন, এসব তথ্যের অনেকটাই সংরক্ষিত থাকে ব্রাউজারের ‘হিস্টোরি’ বা ইতিহাসে।

তাই অনেকেই জানতে চান, এই তথ্যগুলো কীভাবে দেখা যায় এবং প্রয়োজন হলে কীভাবে মুছে ফেলা যায়।

ব্রাউজার হিস্টোরি হলো ইন্টারনেট ভ্রমণের ডায়েরি। আমরা যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করি বা কিছু খুঁজি, তখন ব্রাউজার সেই তথ্য সংরক্ষণ করে রাখে। পরে চাইলে সেই তালিকা দেখে আগের কোনো ওয়েবসাইটে আবার প্রবেশ করা যায়।

এটি সুবিধাজনক হলেও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টিও বিবেচনা করতে হবে।

এর পেছনে অনেক কারণ থাকতে পারে। যেমন—ব্যক্তিগত তথ্য গোপন রাখতে, অন্য কেউ যেন আপনার খোঁজা তথ্য দেখতে না পারে, ব্রাউজারের অপ্রয়োজনীয় তথ্য কমাতে, শেয়ার করা কম্পিউটার ব্যবহারের পর নিরাপত্তা বাড়াতে।

তবে মনে রাখতে হবে, হিস্টোরি মুছে ফেললেই ইন্টারনেটে সব তথ্য সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় না। বিভিন্ন সেবা প্রতিষ্ঠান তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী কিছু তথ্য সংরক্ষণ করতে পারে।

গুগল ক্রোম বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার। কম্পিউটারে ক্রোম ব্যবহার করলে প্রথমে ব্রাউজারের ডানদিকে উপরের তিনটি ডট (…) চাপুন, এরপর History নির্বাচন করুন, আবার History-তে ক্লিক করুন অথবা কিবোর্ডে Ctrl + H চাপলেও হিস্টোরি ওপেন হবে।

ক্রোম ব্রাউজারের হিস্টোরি মুছতে প্রথমে History পেজে গিয়ে Clear Browsing Data নির্বাচন করুন। এবার কত দিনের তথ্য মুছতে চান তা নির্বাচন করুন। চাইলে কুকি (Cookies) এবং ক্যাশ (Cache) তথ্যও মুছে দিতে পারেন। এরপর Clear Data চাপুন। এতে আপনার ব্রাউজিং হিস্টোরি মুছে যাবে।

যারা ফায়ারফক্স ব্যবহার করেন, তারা প্রথমে উপরের ডানদিকে থাকা তিনটি রেখা (☰) চিহ্নে ক্লিক করুন। তারপর Library নির্বাচন করুন। সেখান থেকে History ওপেন করুন। এবার  প্রয়োজনীয় সময়সীমার হিস্টোরি নির্বাচন করে মুছে ফেলুন।

অ্যাপল ব্যবহারকারীদের জন্য কাজটি আরও সহজ। ম্যাক কম্পিউটারে প্রথমে Safari মেনু ওপেন করুন। তারপর History নির্বাচন করুন। এবার Clear History চাপুন এবং সময়সীমা নির্বাচন করে নিশ্চিত করুন।

আইফোন বা আইপ্যাডে প্রথমে Settings ওপেন করুন। তারপর Safari নির্বাচন করুন এবং Clear History and Website Data চাপুন।

অনেকে ভাবেন, ব্রাউজারের হিস্টোরি মুছে ফেললেই সব শেষ। আসলে গুগল অ্যাকাউন্টে লগইন করা থাকলে আপনার কিছু কার্যক্রম আলাদাভাবে সংরক্ষিত থাকতে পারে। যেমন—গুগল সার্চ, ইউটিউব ভিডিও দেখা, গুগল ম্যাপস ব্যবহার ও ভয়েস সার্চ।

এসব তথ্য দেখতে ও মুছতে পারেন আপনার গুগল অ্যাকাউন্টের My Activity থেকে।

গুগলের My Activity এমন একটি জায়গা যেখানে গুগল বিভিন্ন কার্যক্রমের রেকর্ড দেখায়। সেখানে গিয়ে দেখতে পারবেন—কী কী সার্চ করেছেন, কোন ভিডিও দেখেছেন, কোন অ্যাপ ব্যবহার করেছেন এবং কখন ব্যবহার করেছেন। তবে প্রয়োজন হলে নির্দিষ্ট দিন, মাস বা সম্পূর্ণ হিস্টোরি মুছে ফেলতে পারবেন।

আজকের পৃথিবীতে সবাই ডিজিটাল জীবনযাপনের মধ্যে থাকি। আমাদের সার্চ, ভিডিও দেখা, মানচিত্র ব্যবহার সবকিছুই এক ধরনের ডিজিটাল হিস্টোরি। তাই মাঝে মাঝে নিজের গোপনীয়তা ও নিরাপত্তার কথা ভেবে ব্রাউজার ও অ্যাকাউন্টের হিস্টোরি পর্যালোচনা করা অবশ্যই একটি ভালো অভ্যাস।
 

Most Popular