Thursday, May 14, 2026
Homeবাংলাদেশবিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ চালু করবে সরকার

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ চালু করবে সরকার

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন নিশ্চিত করতে প্রাথমিকভাবে ১০ জেলার ১০ উপজেলায় ‘শিশু স্বর্গ’ প্রকল্প চালু করতে যাচ্ছে সরকার।

আজ বুধবার সচিবালয়ে এক বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে প্রতিবন্ধিতাসম্পন্ন ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে করণীয় নির্ধারণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেশের প্রতিবন্ধিতাসম্পন্ন ব্যক্তিদের জন্য পরিচালিত স্কুলগুলো সঠিকভাবে চলছে কি না তা যাচাই করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন, হাসপাতাল ও রেস্তোরাঁসহ সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো ও টয়লেট সুবিধা নিশ্চিত করতে ভবন নির্মাণ নীতিমালায় প্রয়োজনীয় বিধান অন্তর্ভুক্ত করতে।

প্রধানমন্ত্রী নারীদের জন্য পরিকল্পিত বৈদ্যুতিক বাসগুলোতেও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সুবিধা অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।

বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা প্রতিবন্ধিতাসম্পন্ন ব্যক্তিদের সমস্যা, সীমাবদ্ধতা ও অপর্যাপ্ত সুবিধার বিষয়গুলো তুলে ধরেন। তাদের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী একাধিক নির্দেশনা দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।

সহজপ্রবেশযোগ্য অবকাঠামোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কক্ষের দরজাগুলো এমনভাবে নির্মাণ করতে হবে যেন হুইলচেয়ার ব্যবহারকারীরা সহজে প্রবেশ করতে পারেন।’

তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নিতে এবং এ বিষয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী ‘নতুন কুঁড়ি ক্রীড়া’ প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করার বিষয়েও কথা বলেন।

তিনি বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মর্যাদা ও সক্ষমতাকে সমাজের প্রতিটি স্তরে যথাযথ মূল্যায়ন করতে হবে। তারা যেন সমাজ ও রাষ্ট্রের সব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারে, সে জন্য বাস্তবধর্মী পদক্ষেপ নিতে হবে।’

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

Most Popular