Monday, July 13, 2026
Homeখেলাবিয়েলসার পর ফোরলানের হাতে উরুগুয়ে জাতীয় দল

বিয়েলসার পর ফোরলানের হাতে উরুগুয়ে জাতীয় দল

বিশ্বকাপে ভরাডুবির দায় নিয়ে পদত্যাগ করেছিলেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। তাঁর উত্তরসূরি হিসেবে নিজেদের কিংবদন্তি দিয়েগো ফোরলানকে নিয়োগ দিতে যাচ্ছে উরুগুয়ে। আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন সাবেক এই স্ট্রাইকার।

উরুগুয়ে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইগনাসিও আলোন্সো স্থানীয় টেলিভিশন চ্যানেল টেলিডোসকে এই খবর নিশ্চিত করেন। খুব শীঘ্রই দুই পক্ষ সমঝোতায় পৌঁছাবে বলেও জানিয়েছেন তিনি। 

আপাতত ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত জাতীয় দলের কোচের দায়িত্ব পাচ্ছেন ফোরলান। সাথে অনূর্ধ্ব-২০ দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করবেন এই সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার।  

ফোরলানের কোচিং অভিজ্ঞতা অবশ্য খুব বেশি নয়। এর আগে ২০২০ সালে উরুগুয়ের শীর্ষ বিভাগের দল পেনারোলকে কোচিং করিয়েছেন তিনি। এছাড়া পরবর্তী বছরে দ্বিতীয় সারির একটি দলকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তাঁর। 

এবারের বিশ্বকাপে একটি ম্যাচও জিততে না পেরে বিদায় নেয় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। এরপর এই হতাশাজনক পারফরম্যান্সের দায় নিয়ে পদত্যাগ করেন বর্ষীয়ান কোচ বিয়েলসা।

২০১৪ সালে অবসরে যাওয়ার আগে উরুগুয়ের হয়ে ১১২ ম্যাচে ৩৬ গোল করেছেন কিংবদন্তি স্ট্রাইকার ফোরলান। ২০১০ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বলের পুরষ্কার জিতেছিলেন ফোরলান। 

খেলোয়াড়ি জীবনে ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়াও ইন্টার মিলান ও ভিয়ারিয়ালের মতো ক্লাবে খেলেছেন ফোরলান। 

Most Popular