Sunday, August 16, 2026
Homeখেলাবিয়ের ‘প্রলোভনে’ ধর্ষণের অভিযোগে কলকাতায় গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার

বিয়ের ‘প্রলোভনে’ ধর্ষণের অভিযোগে কলকাতায় গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা ভারতীয় ক্রিকেটার অভিষেক পোড়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক নারী চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ, মারধর ও অপরাধমূলক হুমকির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

পশ্চিমবঙ্গের হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুঁওয়ার ভূষণ সিং জানান, কলকাতা দমদম থানা এলাকার ‘ইমামী সিটি’ থেকে পোড়েলকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযোগকারী ওই নারীর সঙ্গে গত তিন বছর ধরে সম্পর্ক ছিল এই ক্রিকেটারের। তবে গত বছর থেকে তাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয় এবং পোড়েল যোগাযোগ কমিয়ে দেন। ভুক্তভোগী নারীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন পোড়েল, কিন্তু পরবর্তীতে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এজাহারে ওই নারী আরও উল্লেখ করেন, পোড়েল তাকে বেআইনিভাবে আটকে রেখেছিলেন এবং খাবার না দিয়ে মানসিকভাবে নিপীড়ন করেছিলেন। এর পাশাপাশি তার ওপর শারীরিক নির্যাতনও চালানো হয়। নির্যাতনের ফলে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং স্বাভাবিকভাবে হাঁটাচলার ক্ষমতাও হারিয়ে ফেলেন। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়।

গত জুনে প্রথম পুলিশের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী। বিষয়টি আদালতে গড়ালে কলকাতা হাইকোর্ট পোড়েলকে গ্রেপ্তারের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, এজাহার নথিভুক্ত করার পর ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

অবশ্য এর আগে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছিলেন অভিষেক পোড়েল।

বাঁহাতি এই উইকেটরক্ষক-ব্যাটার ২০২৩ সাল থেকে আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের হয়ে খেলছেন। ঘরোয়া ক্রিকেটে তিনি বাংলার প্রতিনিধিত্ব করেন এবং এর আগে ভারত ‘এ’ দলের সঙ্গে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর করেছেন। ২০২১-২২ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া পোড়েল এখন পর্যন্ত ৩২টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ২৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন।

 

Most Popular