Saturday, October 3, 2026
Homeবাংলাদেশবিমানবন্দরে বিশৃঙ্খলা: আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে, আবেদনে যা বলল পুলিশ

বিমানবন্দরে বিশৃঙ্খলা: আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে, আবেদনে যা বলল পুলিশ

জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১ অক্টোবর কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

গতকাল শুক্রবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার আলম সজীব বিমানবন্দর থানায় এ মামলা করেন। পরে গতকাল সন্ধ্যা ৬টার দিকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

আবেদনে বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম বলেন, গত ১ অক্টোবর আখতারুজ্জামান জামায়াতে ইসলামী বাংলাদেশের ৩৪ জন প্রতিনিধির সঙ্গে মদিনা থেকে ঢাকায় আসেন। তাদের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর যাত্রীরা বিমানবন্দরের ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে প্রবেশ করেন।

তারা ইমিগ্রেশন শেষ করে লাগেজ নেওয়ার সময় বিমানবন্দরে যাত্রীর অতিরিক্ত চাপ ছিল। সেসময় ট্রলি নেওয়ার ক্ষেত্রে সাময়িক সংকট সৃষ্টি হয় এবং দীর্ঘ লাইন তৈরি হয়। কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম ভঙ্গ করে ট্রলি সংগ্রহের চেষ্টা করেন।

লাগেজ আসতে দেরি হওয়া এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে কয়েকজন উত্তেজিত হয়ে অশোভন আচরণ করে বলে আবেদনে বলা হয়।

সেসময় ঢাকা-৫ আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ঘটনাস্থলে যাওয়ার জন্য ডেকে পাঠান। তিনি ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলার মেজর (অব.) আখতারুজ্জামান হঠাৎ তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান এবং রূঢ়, অশালীন ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

আবেদনে আরও বলা হয়, বিমানবন্দরের নির্বাহী পরিচালক শান্তভাবে তাদের যাত্রীর চাপ ও ট্রলি ব্যবস্থাপন্য সম্পর্কে বোঝানোর চেষ্টা করলেও আখতারুজ্জামান আরও উত্তেজিত হয়ে তাকে বলেন আমি কিন্তু ‘পেটাব ধইরা’, ‘গেট আউট ফ্রম হেয়ার’, ‘ঘাড় ধরে বের করে দেবো’, ‘কাজ জানেন না তদবির করে পোস্টিং এ আসেন’, ‘মাইর খাইতে চান’।

আখতারুজ্জামানের আচরণ ‘আক্রমণাত্মক ও মারমুখী’ ছিল উল্লেখ করে রিমান্ড আবেদনে বলা হয়, পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় ঢাকা-৫ আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেন নির্বাহী পরিচালককে দূরে নিয়ে যান।

কিন্তু আখতারুজ্জামান আবার উত্তেজিত হয়ে হুমকি দিয়ে বলেন, ‘আপনাদের সবাইকে বিমানবন্দরে বেঁধে পেটানো এবং সোশাল মিডিয়ায় দেওয়া দরকার যেন তারেক রহমান এটি দেখেন, তখন আপনারা সোজা হবেন। আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো।’

এছাড়াও, তিনি বিমান ও পর্যটনমন্ত্রী সম্পর্কে অশালীন ও অবমাননাকর ভাষা ব্যবহার করেন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, সেসময় আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন ওই ঘটনার ভিডিও ধারণ করতে থাকে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এতে বিমানবন্দরের নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা সৃষ্টি হয়।

তখন বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার তাদের ভিডিও ধারণ না করার অনুরোধ করলে আখতারুজ্জামান তার দিকে এগিয়ে গালিগালাজ করেন এবং একপর্যায়ে শারীরিকভাবে আঘাত করেন বলে আবেদনে জানায় পুলিশ।

পরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন প্রতিনিধি ঘটনাস্থলে গেলে তার সঙ্গেও অশোভন ও মারমুখী আচরণ করেন আখতারুজ্জামান। এছাড়া তিনি অন্যান্য সাধারণ যাত্রীদের সংগ্রহ করা জমজমের পানির বোতল ও পাত্র ট্রলি থেকে ছুড়ে ফেলে দেন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে সরকারী কর্মচারীর কাজে বাধা দিয়ে হুমকি ও ভয়ভীতিসহ আঘাত করায় বিমানবন্দরের স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বিঘ্ন সৃষ্টি হয়। এতে বিদেশ ফেরত যাত্রীদের স্বাভাবিক আগমন বিঘ্নিত হয়।

পুলিশের আবেদনে বলা হয়, আখতারুজ্জামানের এমন কার্যক্রম দেশের ভাবমুর্তি ক্ষুণ্ণ করার পেছনে কারও ইন্ধন ছিল কি না, তা জানতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলের সঙ্গে বিদেশ সফর শেষে দেশে ফেরেন আখতারুজ্জামান। জামায়াতের ৩৪ সংসদ সদস্যসহ ৭০ জনের এই প্রতিনিধিদল গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুইভাগে বিদেশ যায়।

কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গত বছরের ডিসেম্বরে বিএনপি থেকে জামায়াতে যোগ দেন। এর আগে বিএনপি থেকে অন্তত ৫ বার বহিষ্কার করা হয় তাকে।

Most Popular